॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়ির গুইমারায় প্রসীতখীসা সমর্থিত ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) উপজেলা সংগঠক ঝিমিত চাকমাকে (৫০) গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়েছে।
শুক্রবার (২৬ জুন) সকালে উপজেলার পাইনংপাড়া এলাকা থেকে আইনশৃঙ্খলা বাহিনী আহত অবস্থায় তাকে আটক করে। গুইমারা থানার ওসি মো. সোহরাওয়ার্দী এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
এসময় ওসি বলেন, শুক্রবার সকালে গুইমারার হাফছড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পাইনংপাড়া এলাকায় প্রতিপক্ষের সঙ্গে ইউপিডিএফের গোলাগুলির ঘটনা ঘটে। পরে খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছলে বন্দুকধারীরা পালিয়ে যায়।
এসময় ঘটনাস্থলে প্রতিপক্ষের গুলিতে আহত হয়ে পড়ে থাকা অবস্থায় ঝিমিত চাকমা নামে একজনকে আটক করা হয়। পরে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার প্রয়োজনীয় চিকিৎসা করানো হয়েছে। ওসি আরও জানান, ঝিমিত চাকমা ইউপিডিএফের প্রসীত গ্রুপের সংগঠক। তার নামে থানায় একাধিক মামলা রয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে সংবাদ মাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে খাগড়াছড়ির গুইমারায় ইউপিডিএফ সংগঠক ঝিমিত চাকমার ওপর সন্ত্রাসীদের সশস্ত্র হামলা ও আহত অবস্থায় তাঁকে আটকের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা। তিনি অবিলম্বে ঝিমিত চাকমাকে নিঃশর্ত মুক্তি দেয়ার জোর দাবি জানিয়েছেন।
