উপজাতীয় ব্যক্তিকে পার্বত্য মন্ত্রণালয়ে পূর্ণমন্ত্রীর দাবিতে বান্দরবানে মানববন্ধন

78

॥ বান্দরবান প্রতিনিধি ॥
১৯৯৭ সালের ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম চুক্তি অনুযায়ী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে একজন উপজাতীয় ব্যক্তিকে পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়ার দাবিতে বান্দরবানে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে। একই সঙ্গে বর্তমান প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিনকে অন্যত্র পদায়ন করারও দাবি জানিয়েছে ‘পার্বত্য চট্টগ্রাম নাগরিক সমাজ’।
রোববার (২১ জুন) সকালে বান্দরবান প্রেসক্লাব চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও নাগরিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
সিএইচটি রাইটার্স ইউনিয়ন ফোরামের বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পাদক ক্য সা মং মারমা-র সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়নের জন্য সরকারকে দ্রুত একটি সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে। পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জনগোষ্ঠীর সমস্যা, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে গভীর ধারণা থাকা একজন প্রতিনিধির নেতৃত্বেই এই মন্ত্রণালয় কার্যকরভাবে পরিচালিত হওয়া সম্ভব। চুক্তির আলোকে অবিলম্বে এই মন্ত্রণালয় পুনর্গঠন করে একজন উপজাতীয় ব্যক্তিকে পূর্ণমন্ত্রী হিসেবে নিয়োগ দিতে হবে। মানববন্ধনে বক্তারা সাবেক মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের পদত্যাগের ঘটনাকে ‘নজিরবিহীন’ বলে উল্লেখ করেন। তারা বলেন, দায়িত্ব গ্রহণের মাত্র তিন মাসের মাথায় কী কারণে অ্যাডভোকেট দীপেন দেওয়ান মন্ত্রীত্ব থেকে সরে দাঁড়ালেন, সে বিষয়ে সরকারের পক্ষ থেকে স্পষ্ট ব্যাখ্যা দেওয়া প্রয়োজন। তিনি পদত্যাগপত্রে শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করলেও জনমনে এ নিয়ে নানা প্রশ্ন ও ধোঁয়াশা রয়েছে।
মানববন্ধনে বক্তব্য দেন— কার্বারী মংক্যচিং মারমা, ছাত্রনেতা উক্যমং মারমা এবং আদিবাসী ফোরাম বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পাদক উছো মং মারমাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ১ জুন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের তৎকালীন মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। এরপর থেকেই পাহাড়ের নানা মহলে মন্ত্রণালয়টির নেতৃত্ব নিয়ে নতুন করে দাবি ও আলোচনা শুরু হয়।