॥ নিজস্ব প্রতিবেদক ॥
পাহাড়ি নারী নেত্রী কল্পনা চাকমা অপহরণে জড়িতদের বিচার ও জুম্ম নারীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘হিল উইমেন্স ফেডারেশন’ রাঙ্গামাটি জেলা শাখার আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে হিল উইমেন্স ফেডারেশনের জেলা সভাপতি কবিতা চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন, শিক্ষাবিদ শিশির চাকমা, অ্যাডভোকেট দীপন চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের সদর শাখার সাধারণ সম্পাদক সাগর ত্রিপুরা নান্টু, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ম্রানুচিং মারমা, সুরেশ চাকমা এবং নেত্রী কাঞ্চনমালা চাকমাসহ অন্যান্যরা।
সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, আলোচিত এই অপহরণ ঘটনার ৩০ বছর পেরিয়ে গেলেও সরকার জড়িতদের বিচার করতে পারেনি, উল্টো তাদের দায়মুক্তি দেওয়া হয়েছে। বিচার না হওয়ায় পার্বত্য চট্টগ্রামে জুম্ম নারীদের ওপর প্রতিনিয়ত নির্যাতন ও ধর্ষণ বাড়ছে, যার ফলে পাহাড়ের নারীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। দ্রুত পার্বত্য চুক্তি বাস্তবায়ন করাসহ নারীদের নিরাপত্তা নিশ্চিতের জোর দাবি জানান বক্তারা।
উল্লেখ্য, ১৯৯৬ সালের ১২ জুন রাতে রঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার লাইল্যাঘোনার নিজ বাড়ি থেকে অপহৃত হন হিল উইমেন্স ফেডারেশনের তৎকালীন নেত্রী কল্পনা চাকমা। দীর্ঘ দিন মামলা চলার পর পুলিশ কাউকে দোষী না করে আদালতে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দাখিল করে। পরবর্তীতে পরিবারের ‘নারাজি’ আবেদন সত্ত্বেও আদালত সেই প্রতিবেদন আমলে নিয়ে মামলাটি খারিজ করে দেয়।
