॥ নিজস্ব প্রতিবেদক ॥
বিশ্বকাপকে স্বাগত ও প্রিয়দল আর্জেন্টিনাকে সমর্থন জানিয়ে রাঙ্গামাটিতে বিশাল র্যালী করেছে আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠী। বৃহস্পতিবার (১১ জুন) বিকালে রাঙ্গামাটি শহীদ আব্দুল শুক্কুর মাঠ থেকে বর্নাঢ্য মোটর সাইকেল ও ছাদ খোলা গাড়ীতে করে কয়েক হাজারেরও বেশী সমর্থক র্যালীতে অংশগ্রহণ করেন।
রাঙ্গামাটিতে বৈরী আবহাওয়া উপেক্ষা করে রাঙ্গামাটি শহরের শহীদ আব্দুল শুক্কুর মাঠে জড়ো হয় আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠী। বিকাল সাড়ে ৪ টা বাজার সাথে সাথে আকাশি সাদা বেলুন উড়িয়ে বাদ্যের তালে তালে আনন্দ উল্লাস করতে থাকে আর্জেন্টিনা সমর্থকরা। তারা সকলে মেসি মেসি শ্লোগান দিতে থাকে। তারা প্রত্যাশা করেন গত বারের শিরোপা ধরে রেখে চতুর্থ বারের মতো চ্যাম্পিয়ান হবে আর্জেন্টিনা। মেসির পায়ের জাদুতে আবারো আর্জেন্টিনার ঘরে উঠবে চতুর্থ শিরোপা।
আজেন্টিনা সমর্থক গোষ্ঠীর আনন্দ র্যালীটি রাঙ্গামাটি শহীদ আব্দুল শুক্কুর মাঠ থেকে শুরুহয়ে তবলছড়ি হয়ে আসামবস্তী আর্জেন্টিনা ব্রীজ ঘুরে, ভেদভেদী হয়ে বনরুপা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রিজার্ভ বাজার হয়ে পুরানপাড়া আর্জেন্টিনা ব্রীজে এসে শেষ হয়। আনন্দ র্যালীকে স্থানীয় লোকজন হাত নেড়ে সাধুবাদ জানান।
