রাঙ্গামাটিতে ব্রাজিল ভক্ত সমর্থকদের মোটরশোভা যাত্রা

162

॥ নিজস্ব প্রতিবেদক ॥
আগামী ১২জুন থেকে অনুষ্ঠিত হতে যাওয়া ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে হ্রদ পাহাড়ের জেলা রাঙ্গামাটিতে ব্রাজিল সমর্থকরা মোটরসাইকেল শোভাযাত্রা আয়োজন করেছে।
শুক্রবার (৫ জুন) দুপুর তিনটায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারণার মাধ্যমে ব্রাজিল সমর্থকরা রাঙ্গামাটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ব্রাজিল জার্সি ও পতাকা নিয়ে নানা সাজে সজ্জিত হয়ে মোটরসাইকেল শোভাযাত্রা শুরু করে।
শোভাযাত্রাটি শহীদ মিনার থেকে শহরের তবলছড়ি হয়ে আসামবস্তী ব্রাজিল ব্রিজ খ্যাত আসামবস্তী কাপ্তাই সংযোগ সড়ক ব্রিজে এসে নাচে গানে মেতে উঠে। এতে প্রায় ঘন্টা খানিক ব্রাজিল ভক্তরা উচ্ছাস প্রকাশ করে। শহরের নানা প্রান্ত থেকে শতশত মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রায় অংশ নেয় ব্রাজিলের হাজারো সমর্থক।
পরে শোভাযাত্রাটি ভেদাভেদী, বনরুপা প্রধান সড়ক হয়ে রিজার্ভ বাজারে গিয়ে শেষ হয়।
অপর দিকে শোভাযাত্রায় অংশ না নেয়া ব্রাজিল সমর্থকরা প্রধান সড়কের দুইপাশে পাশে দাঁড়িয়ে হাত নেড়ে শোভাযাত্রাটিকে স্বাগত জানান।