নাইক্ষ্যংছড়িতে মাদক বিরুদ্ধে বিজিবির অভিযান, ফেলে যাওয়া ব্যাগে মিলল ৩ কোট টাকার ইয়াবা

95

॥ শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি ॥
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের সীমান্তবর্তী মাদক বিরোধী অভিযান ফের মালিকবিহীন ১ লাখ ৮৪১ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে নাইক্ষ্যংছড়ির বিজিবি।
শুক্রবার (৫ জুন) সকালে নাইক্ষ্যংছড়ি-১১ বিজিবির অধীনস্থ জারুলিয়াছড়ি বিওপির একটি বিশেষ টহলদল বিজিবির জোন কমান্ডারের দিকনির্দেশনায় সীমান্তবর্তী পোয়াবন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে তাদের সঙ্গে থাকা দুটি ব্যাগ ফেলে পাহাড়ের দিকে পালিয়ে যায়।
পরে পরিত্যক্ত ব্যাগ দুটি তল্লাশি করে ৯৯ হাজার ৭৮০ পিস খয়েরি রঙের এবং ১ হাজার ৬১ পিস সবুজ রঙের ইয়াবাসহ মোট ১ লাখ ৮৪১ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
জব্দকৃত ইয়াবার আনুমানিক সিজার মূল্য ৩ কোটি ২ লাখ ৫২ হাজার ৩০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
নাইক্ষ্যংছড়ি-১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ ফয়েজুল কবির সাংবাদিকদের জানান, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক, অস্ত্র, সন্ত্রাস, মানবপাচার প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে বিজিবি কাজ করে যাচ্ছে এবং সীমান্তে চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারি বজায় রাখা হয়েছে।