মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর

39

॥ ডেস্ক রিপোর্ট ॥
মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং সিটি কর্পোরেশনের আরও পাঁচ কর্মকর্তার মশক নিধনের উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শনের জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফরের একটি প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হলে- এ পরামর্শ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।
ডেপুটি প্রেস সেক্রেটারি জানান, ‘মশক নিধনের উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শনের জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফরের প্রস্তাবটি আসার পরে প্রধানমন্ত্রী বলেন, ‘মশক নিধন শেখা বা দেখার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার দরকার নেই। দেশেই সন্ধ্যার পর যেকোনো ডোবার পাশে দুই/তিন ঘণ্টা অবস্থান করলেই মশক নিধনের অনেক উদ্ভাবনী পদ্ধতি বের করা সম্ভব হবে।’
সরকারি সূত্রে জানা গেছে, বিদেশি প্রতিষ্ঠান ভ্যালেন্ট বায়োসায়েন্সেস এলএলসি-এর অর্থায়নে ফ্লোরিডা সফরের অনুমোদন চেয়ে স্থানীয় সরকার বিভাগ থেকে একটি সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়। প্রস্তাবিত সফরের উদ্দেশ্য ছিল মশক নিয়ন্ত্রণ ও নিধনের বিভিন্ন উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শন করা।
প্রসঙ্গত, চট্টগ্রাম সিটি করপোরেশনের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০২১ সালের ২৭ জানুয়ারি। ওই নির্বাচনে মেয়র পদে জয়ী হন আওয়ামী লীগের প্রার্থী মো. রেজাউল করিম চৌধুরী। নির্বাচনে কারচুপির অভিযোগ এনে একই বছরের ফেব্রুয়ারিতে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন বিএনপির প্রার্থী শাহাদাত হোসেন।
২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতন হলে ১৮ আগস্ট চট্টগ্রামসহ ১২টি সিটি করপোরেশনের মেয়রকে অপসারণ করে অন্তর্র্বতী সরকার। পরে ২০২৪ সালের ১ অক্টোবর নির্বাচনী ট্রাইব্যুনাল মো. রেজাউল করিম চৌধুরীর নির্বাচিত হওয়া বাতিল করে মামলার বাদী শাহাদাত হোসেনকে মেয়র ঘোষণা করে। একই বছরের ৩ নভেম্বর তিনি মেয়র হিসেবে শপথ নেন।