বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে মর্টার শেল বিস্ফোরণে শিশুর মৃত্যু

89

॥ রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবান ॥
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকায় একটি পরিত্যক্ত মর্টার শেল বিস্ফোরণে সতনাইং তঞ্চঙ্গ্যা (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২ জুন) দুপুর ১টা ১০মিনিটের দিকে ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি সীমান্ত সংলগ্ন মরিঙ্গাঝিরি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সতনাইং তঞ্চঙ্গ্যা ঘুমধুম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাইশফাঁড়ি পশ্চিম পাড়ার বাসিন্দা কিংহ্লা তঞ্চঙ্গ্যার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে সতনাইং তার বাবা-মায়ের সঙ্গে সীমান্ত সংলগ্ন একটি জুমক্ষেতে কাজ করতে যায়। দুপুরে তার বাবা জুমের ভেতরে একটি অস্থায়ী ঘর নির্মাণের কাজ করছিলেন, এসময় সতনাইং খেলতে খেলতে একটি পরিত্যক্ত মর্টার শেল খুঁজে পায়। পরে মর্টার শেলটি নিয়ে খেলতে গেলে হঠাৎ সেটি বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই শিশুটি নিহত হয়। বিস্ফোরণের সময় তার বাবা-মা কাছেই অবস্থান করছিলেন। ঘটনার পর স্থানীয় লোকজন শিশুটির মরদেহের অবশিষ্টাংশ উদ্ধার করে বাইশফাঁড়ি এলাকায় নিয়ে আসেন।
স্থানীয়রা জানান, নিহত শিশুসহ তার পরিবারের সদস্যরা মিয়ানমারের নাগরিক। প্রায় চার থেকে পাঁচ বছর আগে।
নাইক্ষ্যংছড়ির উপজেলা নির্বাহী অফিসার এনামুল হাসান মর্টার শেল বিস্ফোরণে একজনের মৃত্যুর সংবাদ নিশ্চিত করে জানান, ৩৯নং পিলার থেকে আরো ১০গজ ভিতরে মিয়ানমারের অভ্যন্তরে এই ঘটনা ঘটেছে আর মৃত ব্যক্তির নাম পরিচয় ও বিস্তারিত জানতে প্রশাসন কাজ করছে।