॥ বরকল প্রতিনিধি ॥
রাঙ্গামাটির বরকল উপজেলায় শহীদ রাষ্ট্রপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার ঘোষণক জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মে) সকাল সাড়ে ১০টায় বরকল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির সভাপতি আবু বক্কর ছিদ্দিকের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সদস্য সুবিমল চাকমা চেয়ারম্যান। এছাড়াও উপস্থিত ছিলেন, বরকল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জলিল, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক আবদুল মালেক, উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা হাফেজ শিহাব উদ্দিন। উপজেলা জাসাস সভাপতি মাসুদ করিম, উপজেলা তাতী দলের সভাপতি সোহরাব হোসেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন, সদস্য সচিব কবির হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর অবদান এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন। তারা তাঁর আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতান্ত্রিক অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
