॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে সাঁতার কাটতে নেমে হ্রদের পানিতে ডুবে এক কিশোর নিখোঁজ হয়েছে। শনিবার (৩০ মে) দুপুরে সদর উপজেলাধীন বালুখালী ইউনিয়নের কাইন্দ্যারমুখ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজ কিশোরের নাম নবজিৎ চাকমা (১৭), পিতার নাম প্রদীপ চৌধুরী। তাঁর বাড়ি খাগড়াছড়ির তেঁতুলতলা এলাকায় বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে নবজিৎ চাকমা তাঁর অপর এক বন্ধুর সাথে কাপ্তাই হ্রদে গোসল করতে নামে। হ্রদের পানিতে সাঁতার কাটার এক পর্যায়ে সে পানিতে তলিয়ে গেলেও অপর বন্ধু তীরে উঠতে সক্ষম হয়। পরে তাঁর বন্ধু স্থানীয় কয়েকজনের সহায়তায় ইউপি চেয়ারম্যানকে বিষয়টি জানান।
বালুখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমর কুমার চাকমা বলেন, নব জ্যোতি চাকমা ও তাঁর বন্ধু একটি বিয়েতে অংশগ্রহণ করার জন্য এখানে এসেছিল। আজ দুপুরে কাইন্দ্যারমুখের জারুলতলা এলাকায় হ্রদে সাঁতার কাটতে নেমে পানিতে তলিয়ে যায়। আমি খবর পাওয়ার সাথে সাথেই বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ও ফায়ার সার্ভিসকে জানাই। বর্তমানে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছে।
রাঙ্গামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারি পরিচালক (ভারপ্রাপ্ত) নিউটন দাস বলেন, খবর পাওয়ার পরপরই আমাদের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে। কিন্তু গতকালের বৃষ্টির কারণে হ্রদে স্রোত ও ঘোলা পানির কারণে উদ্ধার অভিযান পরিচালনা করতে বেগ পেতে হচ্ছে।
