॥ নিজস্ব প্রতিবেদক ॥
আসন্ন পবিত্র ঈদুল আযহা উদযাপন ও ঈদের জামাত সুষ্ঠুভাবে পরিচালনা উপলক্ষে রাঙ্গামাটিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ মে) সকাল ১০টায় রাঙ্গামাটি জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী।
এ সময় রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমীন, অতিরিক্ত জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ও আইসিটি) আলমগীর হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী, জেলা জামায়াতের আমীর মো: আব্দুল আলীম, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, বিভিন্ন মসজিদের খতিবসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক নাজমা আশরাফী আসন্ন ঈদুল আযহার কুরবানীর পশুরহাট সুষ্ঠুভাবে সমন্বয় করাসহ ঈদের জামাত সুন্দরভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন।
তিনি জেলার বিভিন্ন উপজেলার থেকে কুরবানীর পশু নিয়ে বিক্রেতাদের নিরাপত্তাসহ বাজারে জাল টাকা ব্যবহার রোধ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে কাজ করার আহবান জানান। এছাড়া রাঙ্গামাটি শহরে পৌরসভা কর্তৃক নির্ধারিত স্থানে পশু জবাই নিশ্চিত করার
পাশাপাশি ঈদের দিন কুরবানী পশু জবেহ করার পরে শহরের প্রতিটি এলাকা স্বল্প সময়ের মধ্যে পরিস্কার পরিচ্ছন্ন৷ করতে পৌরসভার প্রতি নির্দেশনা প্রদান করেন।
কুরবানী উপলক্ষে জেলার সড়ক-মহাসড়কে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণে জেলা পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকর পর্যাপ্ত পুলিশ ফোর্স মোতায়েন রাখা হবে জানান তিনি।
এবার রাঙ্গামাটি পৌরসভার ৪৭ টি নির্ধারিত স্থানে কুরবানী পশু জবেহ করা হবে।
