রাঙ্গামাটিতে সন্ধ্যা ৭টার পর মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশে চলছে প্রশাসনের কড়া নজরদারী

26

॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটিতে সন্ধ্যা ৭টার মধ্যে ঔষধ ও খাবারের দোকান ছাড়া মার্কেট, শপিংমল এবং দোকানপাট বন্ধ রাখার কঠোর নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকারের নেওয়া সিদ্ধান্তের অংশ হিসেবে এই নির্দেশনা কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে গাড়ি ভাড়া বৃদ্ধি ও বিদ্যুৎ ও সাশ্রয়ের উপর জরুরী সভায় এই সিদ্ধান্ত গ্রহন করা হয়। সভা শেষে শহর জুড়ে মাইকিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে প্রশাসন।
রাঙ্গামাটি জেলা প্রশাসনের সহকারী কমিশনার (জুডিশিয়াল) সৈয়দ আবু হুরাইরা স্বাক্ষরিত গত ১২ এপ্রিলের একটি বিজ্ঞপ্তিতে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে। শপিংমল, মার্কেট ও দোকানপাট সন্ধ্যা ৭টার মধ্যে অবশ্যই বন্ধ করতে হবে।
সভায় জানানো হয়, বাণিজ্য মন্ত্রণালয় থেকে আসা নির্দেশনার আলোকে সব ধরণের প্রদর্শনী, মেলা বা সাংস্কৃতিক অনুষ্ঠানের আলোকসজ্জা পরিহার করতে হবে। বিদ্যুৎ ও বৈদ্যুতিক যন্ত্রপাতির ব্যবহার সাশ্রয়ের বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। যেকোনো ধরনের অননুমোদিত বা অবৈধ মেলা অবিলম্বে বন্ধ করতে হবে।
এদিকে, প্রশাসনের নির্দেশনার পরপরই শহরের রিজার্ভ বাজার, বনরুপা, ভেদাভেদী ও তবলছড়ি এলাকার ব্যবসায়ীরা তা মেনে চলতে শুরু করেছেন। নির্দেশনা অনুযায়ী সন্ধ্যার পর মার্কেটগুলোতে বেচাকেনা বন্ধ হতে দেখা গেছে। প্রশাসনের পক্ষ থেকে চলছে কড়া তদারকি ও নজরদারী।
তবে ব্যবসায়ীদের পক্ষ থেকে এ সময়ের ব্যাপারে কিছুটা শিথিলতার দাবি তোলা হয়েছে। স্থানীয় ব্যবসায়ীদের দাবি, সন্ধ্যা ৭টা খুবই অল্প সময় হয়ে যায়। তাই সাধারণ ক্রেতা ও ব্যবসায়ীদের সুবিধার কথা বিবেচনা করে বন্ধের সময়সীমা রাত ৮টা পর্যন্ত বৃদ্ধি করার জন্য তারা প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন।