॥ রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবান ॥
পার্বত্য জেলা বান্দরবানে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এতদিন দেশের বিভিন্ন প্রান্তে এই রোগে আক্রান্তের সংবাদ পাওয়া গেলেও বান্দরবানে আক্রান্তের কোটা ছিলো খালি। তবে এবার জেলার ৭ উপজেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিকৃত রোগীর রিপোর্ট পরীক্ষার পর দেখা যায় বান্দরবানে ৮ জন রোগীর হাম পজেটিভ পাওয়া গিয়েছে।
বান্দরবানের স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, ২৩ এপ্রিল সন্ধ্যার বান্দরবান জেলার হাম সংক্রান্ত প্রতিবেদন অনুযায়ী বান্দরবানে এই পর্যন্ত হামে আক্রান্ত হলো সর্বমোট ৮ জন রোগী, যাদের মধ্যে ৫ জন আলীকদম উপজেলা ও ৩ জন নাইক্ষ্যংছড়ি উপজেলার রোগী।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে আরো জানা যায়, জেলার এখন মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা ৬৮ জন, যাদের মধ্যে বান্দরবান সদর হাসপাতালে ৪ জন, আলীকদম উপজেলায় ৪৫ জন, লামা উপজেলায় ৮ জন এবং নাইক্ষ্যংছড়ি উপজেলায় ১১ জন।
বান্দরবানের সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী জানান, বান্দরবানের আলীকদম উপজেলায় বেশির ভাগ রোগী দুর্গম কুরুকপাতা ইউনিয়নের। তিনি আরো জানান, আলীকদম উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সাথে সমন্বয় করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নে মোবাইল মেডিকেল টিম কাজ করছে ও চিকিৎসা সেবা প্রদান অব্যাহত রেখেছে।
বান্দরবানের সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী আরো জানান, হাম রোগের প্রাদুর্ভাব কমাতে জেলায় ৫৮ হাজার ৪১৩ জনকে টার্গেট করে টিকা দেয় কার্যক্রম শুরু হয়েছে আর ২২ এপ্রিল পর্যন্ত জেলার ৭ উপজেলায় ১৩ হাজার ৯৫১ জন শিশুকে টিকা প্রদান করা হয়েছে।
