॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে সাপছড়ি এলাকায় ঢালু সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস পাহাড়ের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। এতে অন্তত ১৯ জন যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) ১২টার দিকে রাঙ্গামাটির নানিয়ারচর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস রাঙ্গামাটি চট্টগ্রাম সাপছড়ি এলাকায় পৌছালে বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে বাসে থাকা যাত্রীরা আহত হয়। দুর্ঘটনার পরপরই বাসটির চালক পালিয়ে যান।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাঙ্গামাটি হাসপাতালে পাঠানো হলে অজ্ঞাত নামা আহত ১ জনকে উন্নত চিকিৎসার্থে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়া আরো বেশ কয়েকজন সামান্য আঘাত পাওয়া স্থানীয় ভাবে চিকিৎসা গ্রহণ করেছে।
আহত যাত্রীরা জানান, যাত্রীরা সকলে চট্টগ্রামে বিভিন্ন স্থানে চাকুরীরত ঈদের ছুটি শেষে বৃহস্পতিবার সকালে ৫০জন যাত্রী নিয়ে নানিয়ারচর উপজেলা থেকে একটি রিজার্ভ বাস যোগে চট্টগ্রাম যাচ্ছিলাম। বাসটি রাঙ্গামাটির সাপছড়ি এলাকায় পৌছালে ড্রাইভার গাড়ীর নিয়ন্ত্রন হারিয়ে ফেলে। ড্রাইভার গাড়ীটি পাহাড়ের সাথে ধাক্কা দিলে ওই স্থানে গাড়িটি উল্টে যায়। পরে স্থানীয় লোকজন ও অন্যান্য গাড়ীর যাত্রীরা আমাদের উদ্ধার করে রাঙ্গামাটি সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
এই ঘটনায় রাঙ্গামাটি হাসপাতালে আহতদের নিয়ে আসা হলে খবর পেয়ে আহতদের আত্মীয় স্বজন হাসপাতালে ছুটে আসে। এ সময় রাঙ্গামাটি সিভিল সার্জন ডাঃ নুয়েন খীসা, রাঙ্গামাটি সদর হাসপাতালের আরএমও শওকত আকবর খান, রাঙ্গামাটি রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম শাকিলসহ প্রশাসনের লোকজন ছুটে আসেন।
রাঙ্গামাটি সদর হাসপাতালের আরএমও শওকত আকবর খান জানান, রাঙ্গামাটি সাপছড়ি এলাকায় সড়ক দূর্ঘটনায় প্রায় ১৯ জন রোগী হাসপাতালে আসে তাদের চিকিৎসা সেবা দিয়েছি। গুরুত্বর আহত অজ্ঞাতনামা এক যুবককে চট্টগ্রামে প্রেরণ করা হয়েছে। তিনি বলেন, আহতদের মধ্যে ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীরা চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেছে।
এদিকে গুরুত্ব আহত অজ্ঞাত নামা একজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে রোগীর আত্মীয় স্বজন কেও না থাকায় রাঙ্গামাটি রেড ক্রিসেন্ট সোসাইটি সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম চৌধুরী নিজে দায়িত্ব নিয়ে যুব রেড ক্রিসেন্ট সোসইটির যুব সদস্যদের দিয়ে চট্টগ্রাম প্রেরণ করেন।
কাউখালী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. আব্দুল মান্নান জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। সেখানে পৌঁছে দেখা যায়, স্থানীয়রা ইতোমধ্যে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। গাড়ির ভেতরে কেউ আটকা পড়েনি বলে নিশ্চিত করেন তিনি।
