॥ লিটন ভট্টাচার্য্য রানা, খাগড়াছড়ি ॥
খাগড়াছড়ি-২৯৮ ধানের শীষের প্রার্থী হিসেবে নির্বাচন অংশ নিতে মনোনয়ন সংগ্রহ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি ওয়াদুদ ভূইয়া।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয় থেকে ওয়াদুদ ভূইয়ার পক্ষে মনোনয়ন পেপার গ্রহণ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার।
এ সময় খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এডভোকেট আব্দুল মালেক মিন্টু, মোশাররফ হোসেন, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট বেদারুল ইসলাম, রামগড় উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এডভোকেট করিম উল্লাহ, জেলা যুবদলের সভাপতি মাহাবুব আলম সবুজ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবদুল্লাহ আল নোমান সাগর, জেলা ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম জাহিদ উপস্থিত ছিলেন।
বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ওয়াদুদ ভূইয়া ১৯৮৯ সালে তিনি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী হিসেবে খাগড়াছড়ি পাবর্ত্য জেলা (সংসদীয় আসন নং-২৯৮) থেকে ৬ষ্ঠ জাতীয় সংসদের সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে অনুষ্ঠিত ৮ম জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৯১ (পঞ্চম) ও ১৯৯৬ (সপ্তম) সালের জাতীয় সংসদ নির্বাচনেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেন। তবে অল্প ভোটের ব্যবধানে হেরে যান।
১৯৮৯ সালে অনুষ্ঠিত খাগড়াছড়ি স্থানীয় সরকার পরিষদ নির্বাচনে তিনি রেকর্ড এক লক্ষেরও অধিক ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০০২ সালে তিনি সরকার কর্তৃক পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিযুক্ত হন।
২০০১ সালে তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নিযুক্ত হয়েছিলেন। এছাড়া তিনি সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।
নানা আলোচনা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে স্বতন্ত্র প্রার্থী’র মনোনয়ন সংগ্রহ করলেন সমীরণ দেওয়ান। সোমবার (১৫ ডিসেম্বর) বিকালে খাগড়াছড়ি ২৯৮নং আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা প্রশাসক এর কার্যালয় থেকে এই মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়।
সমীরণ দেওয়ান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও স্থানীয় সরকার পরিষদের সাবেক চেয়ারম্যান সমীরণ দেওয়ান। এর আগে তিনি ২০০৮ সালে খাগড়াছড়ি আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন। ২০১৮ সালে প্রাথমিক মনোনয়ন পেয়েছিলেন।
স্থানীয় সরকার পরিষদের চেয়ারম্যান থাকাকালীন খাগড়াছড়িতে সমীরণ দেওয়ানের নেতৃত্বে ব্যাপক উন্নয়নমুলক কাজ করেছিলেন এবং ক্লিন ইমেজের ব্যক্তি হিসেবে তিনি সুপরিচিত। এছাড়া তিনি স্বচ্ছ রাজনীতির পাশাপাশি সকল সম্প্রদায়ের কাছে সজ্জন ব্যাক্তি হিসেবে পরিচিত।
সমীরণ দেওয়ান পক্ষে মনোনয়নপত্র গ্রহণ করেন, স্থানীয় সরকার পরিষদের সাবেক সদস্য এবং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পুরুষোত্তম চাকমা, এই সময় ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের ছাত্র নেতা গফুর তালুকদার, যুব নেতা সাইফুল ইসলাম, বিদর্শী চাকমা, নারী নেত্রী পরিনীতা দেওয়ান, উক্রাচিং মারমাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
