॥ মনু মারমা, ফারুয়া থেকে ॥
বিলাইছড়ি উপজেলার দূর্গম ফারুয়ায় পার্বত্য শান্তি চুক্তি’র ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে বিশাল গণসমাবেশ ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে ফারুয়া বাজার ব্রীজ থেকে গণসমাবেশের বিশাল র্যালী শুরু হয়ে এগুজ্জাছড়ি বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সমাবেশে বিভিন্ন এলাকা থেকে শত নারী-পুরুষ অংশ নেয়।
গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য সাধুরাম ত্রিপুরা। বিলাইছড়ি উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান রবিন তঞ্চঙ্গ্যার সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সদস্য বীরোত্তম তঞ্চঙ্গ্যা, জেলা পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির সাধারণ সম্পাদক সুমিত্র চাকমা, ফারুয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান চাথোয়াই রোয়াজা, ফারুয়ার দপ্তর ও প্রচার সম্পাদক তনি বম, উদযাপন কমিটির সদস্য সচিব নিরমল তঞ্চঙ্গ্যা।
গণসমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ ২৮ বছর অতিবাহিত হলেও পার্বত্য শান্তি চুক্তির পূর্ণাঙ্গ ধারা বাস্তবায়িত হয়নি আর এর ফলে আদিবাসী জুম্ম সমাজে হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। বাংলাদেশের একজন বাঙালি নাগরিকের যেমন মৌলিক অধিকার ভোগ করার অধিকার থাকে, আমাদের আদিবাসী জুম্ম জনগণেরও সেই সমান অধিকার রয়েছে। আর পার্বত্য চট্টগ্রামের সমস্যা সমাধান করতে হলে পার্বত্য চুক্তির যথাযথ বাস্তবায়ন করতে হবে।
বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি যথাযথ বাস্তবায়ন না করে চুক্তিকে অকার্যকর করার অপচেষ্টা করা হচ্ছে। আর এতে করে পার্বত্য শান্তি চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়ায় এখানকার মানুষের ভূমি সমস্যা সমাধান হচ্ছে না। বহিরাগতরা এসে ভূমি দখল, প্রাকৃতি বৈচিত্র নষ্ট, ঘুম, খুন বেড়ে গেছে। এভাবে চলতে থাকলে আদিবাসীদের অস্তিত্ব সংকটে পড়বে। তাই সরকারের কাছে দ্রুত পার্বত্য চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানান বক্তারা।
