॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির ২৮ বছর পূর্তিকে সামনে রেখে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)।
রোববার (৩০ নভেম্বর) সকালে তেতুলতলার কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুধাকর ত্রিপুরা।
তিনি অভিযোগ করেন, দীর্ঘ সময় ক্ষমতায় থাকা সরকার শান্তিচুক্তির মৌলিক ধারা বাস্তবায়ন না করায় পার্বত্য এলাকায় শান্তি ফিরেনি। অন্তর্বর্তীকালীন সরকারও চুক্তি বাস্তবায়নে কোনো উদ্যোগ নেয়নি বলে উল্লেখ করেন তিনি।
চুক্তি মোতাবেক ভুমি কমিশনের বিধিমালা প্রণয়ন, দ্রুত বিচারিক কার্যক্রম, ১৯০০ সালের পার্বত্য শাসনবিধি কার্যকর রাখা এবং আঞ্চলিক পরিষদ ও জেলা পরিষদে প্রশাসন, পুলিশ, ভূমি ব্যবস্থাপনা ও সামাজিক বিচার কার্যক্রম হস্তান্তরসহ ৮ দফা দাবি উপস্থাপন করেন সুধাকর ত্রিপুরা।
সংবাদ সম্মেলনে জেএসএসের সহ সভাপতি সুভাষ কান্তি চাকমা, সহ সাধারণ সম্পাদক সুদর্শন চাকমা, রাঙ্গামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক জুপিটার চাকমাসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামে ৭৫ পরবর্তী প্রায় দুই দশকের সংঘাত বন্ধে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর ঢাকায় সরকার আর পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে পার্বত্য চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। যা পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি নামে অবহিত। আর এই চুক্তির ফলে দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে বিরাজমান রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে সক্ষম হয়।
