রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত

129

॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটিতে আগামী শুক্রবার (১৪ নভেম্বর) অনুষ্টিতব্য সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে হস্তান্তরিত জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের অধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের জন্য এই পরীক্ষা অনুষ্টিত হওয়ার কথা ছিলো।
এবার প্রায় ৭ হাজার চাকুরী প্রার্থী এই পরীক্ষায় অংশ গ্রহন করার কথা ছিলো। মঙ্গলবার এ নিয়োগ পরীক্ষা স্থগিতসহ এই পর্যন্ত তিনবার স্থগিত করা হয়েছে প্রাথমিক শিক্ষা বিভাগের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে রাঙ্গামাটি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কপিল উদ্দিন স্বাক্ষরিত এক পত্রে বলা হয়, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে হস্তান্তরিত জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের অধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের জন্য আগামী ১৪ নভেম্বর তারিখের নির্ধারিত লিখিত পরীক্ষা অনিবার্য কারণবশত: স্থগিত করা হলো। উক্ত পরীক্ষার পরিবর্তিত সময় সূচি যথাসময়ে সংশ্লিষ্ট সকলকে জানানো হবে বলে পত্রে উল্লেখ করা হয়।
এব্যাপারে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, সাংবাদিকদের জানান, যেহেতু ডিসেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণার বিষয়টি সামনে এসেছে, ফলে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার পর্যাপ্ত সময় আমরা হয়ত পাবনা। তাই আপাতত নিয়োগের সকল কার্যক্রম সাময়িক স্থগিত করেছি আমরা।
এর আগে এই নিয়োগ জনসংখ্যানুপাতে করার দাবিতে মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদকে এই নিয়োগ স্থগিত রাখার জন্য স্বারকলিপি দিয়ে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছিলো আটটি সংগঠন। সংগঠনগুলো হলো-জাতীয় নাগরিক পার্টি-এনসিপি, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, বিপ্লবী ওয়ার্কাস পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিশ, পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন, রাঙ্গামাটি সচেতন নাগরিক ঐক্যের সমন্বয়ক বিজয় ধর, গণ অধিকার পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ।
স্বারকলিপিতে বলা হয়, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে হস্তান্তরিত প্রাথমিক শিক্ষা বিভাগে সহকারী শিক্ষক নিয়োগের চলমান প্রক্রিয়া সম্পূর্ণ নিয়ম বহির্ভূত, এক তরফা, তথ্য বিভ্রাট ও বৈষম্যমূলক। জেলা পরিষদ কর্তৃপক্ষের দেয়া সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগ বিজ্ঞাপ্তিতে কোন প্রকার কোটা, উপজেলা কোটা এবং শুন্যপদের সংখ্যা উল্লেখ করা হয়নি। সরকার ৭ শতাংশ কোটা নির্ধারিত করে প্রজ্ঞাপন জারি করার পরও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সরকারী নিদর্শনা না মেনে একতরফা সিদ্ধান্ত নিয়ে ৭০ শতাংশ উপজাতি ও ৩০ শতাংশ বাঙালি অনুসারে নিয়োগ প্রক্রিয়া বাস্তবায়ন করছে। যা বর্তমান পরিষদের অধিনে বিগত সময়ের মিয়োগে প্রমানিত। এ দাবি না মানলে নিয়োগ পরীক্ষা স্থগিত করতে অবরোধের ডাক দেয়া হবে বলে হুশিয়ারী দেয়।