রাঙ্গামাটি মেডিকেল কলেজে ৬ ছাত্রলীগ নেতা-কর্মী বহিষ্কার

141

॥ বিশেষ প্রতিবেদক ॥
গত বছরের ১৬ জুলাই রাঙ্গামাটি মেডিকেল কলেজে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৬ ছাত্রলীগ নেতা-কর্মীকে বিভিন্ন মেয়াদে একাডেমিক কার্যক্রম ও মেডিকেল কলেজের ছাত্রাবাস থেকে বহিষ্কার করেছে রাঙ্গামাটি মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। এদের একজনকে কলেজের একাডেমিক কার্যক্রম থেকে এবং বাকি ৫ জনকে ছাত্রাবাস থেকে বহিষ্কার করা হয়েছে।
ঘটনার প্রায় ৭ মাস পর মেডিকেল কলেজের সিট বরাদ্দ কমিটির সমন্বয়ক ড. হাবিবুল ইসলাম চৌধুরীর ২৬ জানুয়ারি স্বাক্ষরিত এক নোটিসে মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও আয়াত শরীফকে ২ বছরের জন্য কলেজ থেকে এবং আজীবনের জন্য মেডিকেল কলেজ ছাত্রাবাস থেকে বহিষ্কার করা হয়েছে।
সহ-সাধারণ সম্পাদক ও সপ্তম ব্যাচের শিক্ষার্থী বিক্রম আদিত্য চাকমাকে কলেজ হোস্টেল থেকে ৩ মাসের জন্য, সাংগঠনিক সম্পাদক ও অষ্টম ব্যাচের ইমতিয়াজ হোসেনকে ৩ মাস, সাংগঠনিক সম্পাদক ও অষ্টম ব্যাচের সৃজন কান্তি দে কে তিন মাসের জন্য, সাংগঠনিক সম্পাদক ও নবম ব্যাচের অভিজিৎ কুমার বৈদ্য, একই ব্যাচের আরেক সাংগঠনিক সম্পাদক সিং সিং এ মংকে ৩ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।
নোটিসে বলা হয়, ১৬ জুলাই বহিরাগতের সাথে কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংগঠিত সংঘাময় অপ্রীতিকর ঘটনার পরিপ্রেক্ষিতে কতিপয় সাধারণ শিক্ষার্থীরা লিখিত অভিযোগ দায়ের করে। ওই অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি সত্যতা পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে ১ ফেব্রুয়ারির মধ্যেই তাদের কলেজ হোস্টেল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।