॥ নিজস্ব প্রতিবেদক ॥
কাপ্তাই হ্রদের পানি এখনো বিপদসীমার মধ্যে থাকায় রাঙ্গামাটির কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের স্পিলওয়ের ১৬টি গেইট ১ ফুট করে খুলে দিয়ে সেকেন্ডে ১৮ হাজার কিউসেক পানি ছাড়া হচ্ছে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে এমন তথ্য জানান কর্ণফুলী পানি কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের।
তিনি বলেন, বাঁধ দিয়ে পানি ছাড়া এখনো অব্যাহত রাখা হয়েছে। যেহেতু কাপ্তাই হ্রদে এখন পর্যন্ত যথেষ্ট পানি আছে এবং হ্রদের তীরবর্তী নিম্নাঞ্চল এলাকাগুলো এখনো হ্রদের পানিতে নিমজ্জিত রয়েছে। তবে পানি ছাড়লেও ভাটি অঞ্চলের কোন ক্ষতি হবে না। প্রতি বছরের ন্যায় এবারও ছাড়া হচ্ছে বলে জানান তিনি।
কাপ্তাই হ্রদে বর্তমানে ১০৮ ফুট মিনস সী লেভেল পানি রয়েছে। পানি থাকায় বর্তমানে কর্ণফুলী বিদ্যুৎ কেন্দ্র থেকে দৈনিক ৫টি ইউনিটে সর্বোচ্চ ২১৯ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে বলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে জানানো হয়।
গত ২৪ আগষ্ট বিকেল ৩টায় কর্ণফুলী বিদ্যুৎ কেন্দ্র একটি জরুরী নোটিশের মাধ্যমে পানি ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছিলো। ওইদিন রাত ১০টায় পানি ছাড়ার কথা থাকলেও পর্যবেক্ষণ করার পর সময় পরিবর্তন করে ২৫ আগস্ট সকাল ৮টা ১০মিনিট থেকে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি গেইট ৪ ইঞ্চি করে খুলে দেয়া হয়। এজন্য ভাটি অঞ্চলকে আগে জরুরি সতর্কবার্তা দেওয়া হয়েছিলো।
এদিকে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় রাঙ্গামাটি পৌর এলাকা কাপ্তাই হ্রদের তীরবর্তী নিম্নাঞ্চল, নানিয়ারচর ও লংগদু উপজেলার বাড়ি-ঘর, রাস্তাঘাট ডুবে আছে। এতে কয়েক হাজার মানুষ এখনো পানিবন্দি রয়েছে বলে জানা গেছে।
#
