রাঙ্গামাটি মেডিকেল কলেজে কোটা সংস্কার আন্দালনরত শিক্ষার্থী ও ছাত্রলীগ মুখোমুখি

106

॥ নিজস্ব প্রতিবেদক ॥
দেশের বিভিন্ন স্থানে কোটা সংস্কার আন্দোলনে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের উপর হামলার প্রতিবাদে রাঙ্গামাটি মেডিকেল কলেজে শিক্ষার্থীরা মানববন্ধন করেছে।
মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর সাড়ে ১১টার টায় রাঙ্গামাটি মেডিকেল কলেজের চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
একইসময়ে ছাত্রলীগের নেতাকর্নমীরাও মেডিকেল কলেজের সামনে অবস্থান নিয়ে শ্লোগান দিতে থাকে। এর ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। আন্দোলকারীরা গেইটের বাহিরে আসতে চাইলে ছাত্রলীগ বাধা দেয়। বাধার মুখে কলেজের ভিতরেই মানববন্ধন করে শিক্ষার্থীরা।
এসময় জেলা ছাত্রলীগের সভাপতি রনি হোসেন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহাগ চাকমা, জেলা ছাত্রলীগের সহ সভাপতি দীপংকর দে, আসিফ সালেহ বিন কামাল নোহেল, এবি এম জোনায়েদসহ ছাত্রলীগ কর্মীরা মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাধা প্রদান করেন। উত্তেজনা এড়াতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়ন করা হয়।
এদিকে, রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষার্থীরা কোটা সংস্কার এর দাবীতে বিক্ষোভ মিছিল নিয়ে মুল গেইটের তালা ভেঙে কাপ্তাই সড়কে দিকে অগ্রসর হয়। এমন সময় কাপ্তাই লকগেইট অবস্থান করা কাপ্তাই উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ধাওয়া শুরু করে। এতে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এসময় কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছির উদ্দিন এবং কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিনসহ কাপ্তাই সার্কেল এর অতিরিক্ত পুলিশ অফিসার জাহিদুল ইসলাম, কাপ্তাই থানার ওসি আবুল কালামসহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। পরে বিএসপিআই শিক্ষার্থীরা ক্যাম্পাসে মুল গেইটের সামনে সড়কের উপরে অবস্থান করছে। বর্তমানে উভয় দিকের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দুইপক্ষের সংর্ঘষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।