নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-রাঙ্গামাটির লংগদুতে ৯ বছরের এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত মোটর সাইকেল চালক রুবেল (৩২) নামের এক আসামীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডসহ দুই লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছে রাঙ্গামাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। আসামী রুবেল লংগদু উপজেলার গাউসপুর মাষ্টার পাড়ার বাসিন্দা মানিক বেপারীর ছেলে।
বুধবার (৫ জুলাই) দুপুরে রাঙ্গামাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ) এ.ই.এম ইসমাইল হোসেনের আদালত আসামীর উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
এসময় রাষ্ট্রপক্ষের কৌসুলী অ্যাডভোকেট সাইফুল ইসলাম অভি, আসামীপক্ষের আইনজীবি অ্যাডভোকেট আবছার আলীসহ অন্যান্য আইনজীবিগণ উপস্থিত ছিলেন।
বিচারক রায় ঘোষণার পূর্বে মামলার সারমর্ম তুলে ধরে বলেন, রাষ্ট্রপক্ষ উপস্থাপিত মৌখিক সাক্ষ্য দালিলিক সাক্ষ্য ও ফরেনসিক সাক্ষ্য দ্বারা গত ২৭/০৮/২০১৬ খ্রি: তারিখ সকাল অনুমান ১১টার সময় লংগদু থানাধীন ৪নং গাউছপুর ফরেষ্ট অফিস আগরবাগান সংলগ্ন জঙ্গলে আসামী মো: রুবেল কর্তৃক ৯ বছর বয়সী শিশু ভিকটিমকে ধর্ষণ করার বিষয়টি রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। এরপর বিচারক তার রায় পড়ে শুনান। রায়ে আসামী মো: রুবেল (বর্তমান বয়স-৩২)কে নারী শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯(১) ধারার অপরাধে দোষী সাব্যস্ত করে উক্ত অপরাধের দায়ে আসামীকে যাবজ্জীন সশ্রম কারাদন্ড এবং এর অতিরিক্ত ২ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন বছরের সশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করে বলেন, আসামীকে রায় ঘোষণার ৯০দিনের মধ্যে উক্ত জরিমানার অর্থ বিধি মোতাবেক জমাদানের নির্দেশ প্রদান করেন। উক্ত জরিমানার অর্থ এই মামলার শিশু ভিকটিম ক্ষতিপূরণ হিসেবে প্রাপ্ত হবেন।
রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের কৌসুলী অ্যাড. সাইফুল ইসলাম অভি জানান, মহামান্য আদালতের রায়ে আমরা সন্তুষ্ট। আশা করছি এই রায় দ্রুত কার্যকর করা হবে।
আসামীপক্ষের আইনজীবি অ্যাড. আবছার আলী জানিয়েছেন, আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবো।
