রাঙ্গামাটির কাউখালী থেকে চাঁদার জন্য ইটভাটা থেকে তিন শ্রমিককে অপহরণের অভিযোগ

119

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-চাঁদার জন্য রাঙ্গামাটি কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের তারাবুনিয়ার খাঁজা গরীবে নেওয়াজ ইটভাটা থেকে তিন শ্রমিককে অপহরণ করেছে সন্ত্রাসীরা বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার মধ্যরাতে তাদের অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করেন, ইটভাটার মালিক মোঃ ফারুক ও মোঃ ইদ্দ্রিস।
অপহৃত শ্রমিকরা হলেন, চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ এলাকার গাজী তাহেরের ছেলে মোঃ জিয়াউর রহমান (২৮), নোয়াখালী সদরের মৃত রহমত উল্লাহর ছেলে আহসান উল্লাহ (২৯) ও মোঃ মোসলেম উদ্দিন (৪০)।
ইটভাটার মালিক ইদ্দ্রিস জানান, বুধবার মধ্যরাতে একদল অস্ত্রধারী সন্ত্রাসী ইটভাটাতে প্রবেশ করে চাঁদা দাবী করেন। মালিক পক্ষ তাৎক্ষনিক চাঁদা পরিশোধ করতে না পারায় তিন শ্রমিককে অপহরণ করে নিয়ে যায় এবং চাঁদা দিয়ে তাদের ছাড়িয়ে আনাসহ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইটভাটার সকল প্রকার কাজ বন্ধ রাখার হুমকী দিয়ে যান সন্ত্রাসীরা।
কলমপতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্যজাই মারমা জানান, অপহরণের বিষয়টি জানতে পেরে আমি তাৎক্ষণিক ইটভাটায় গেয়েছি। তবে এ বিষয়ে মালিক পক্ষ আমাকে কিছু আমাকে জানায়নি। নাম
প্রকাশে অনিচ্ছুক আরেক ইটভাটার মালিক জানান, পাহাড়ে অবস্থিত ইটভাটা থেকে প্রতিবছর পাহাড়ের বিভিন্ন অস্ত্রধারী আঞ্চলিক সংগঠগুলোর বাৎসরিক অলিখিত চুক্তির মাধ্যমে মোটা অংকের চাঁদা নিয়ে থাকে। এবছরো চাঁদা পরিশোধ করতে দেরি হওয়াতে তিন শ্রমিককে অপহরণ করে থাকতে পারে বলে ধারণা করছেন।
এদিকে কাউখালী থানার অফিসার ইনচার্জ পারভেজ আলী জানান, উপজেলার কলমপতি ইউনিয়নের তারাবুনিয়ার খাঁজা গরীবে নেওয়াজ ইটভাটা থেকে তিন শ্রমিককে অপহরণ করা হয়েছে বলে মৌখিক ভাবে জানিয়েছেন ইট ভাটার আরেক মালিক ফারুক। তবে কেউ এখনো লিখিত কোন অভিযোগ করেনি। তবুও পুলিশ বিষয়টি ক্ষতিয়ে দেখছে।