নানিয়ারচর প্রতিনিধিঃ-রাঙ্গামাটির নানিয়ারচরে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা।
অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান নুর জামাল হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, নানিয়ারচর জোন (১০ বীর) প্রতিনিধি সিনিয়র ওয়ারেন্ট অফিসার মনু মিয়া, থানার অফিসার ইনচার্জ সুজন হালদার, নানিয়ারচর সদর ইউপি চেয়ারম্যান বাপ্পি চাকমাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, কীটনাশক বিক্রিতে স্থানীয় ব্যবসায়ীদের মাঝে সচেতনতা, মাদক, বাল্য বিবাহ, সড়ক দুর্ঘটনা, সামাজিক অবক্ষয় রোধে ইউপি চেয়ারম্যানদেরকে অবহিতকরণ সভাসহ জনকল্যাণমূলক বিষয়ে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে প্রগতি চাকমা বলেন, ইউএনও মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় আনন্দঘন অনুষ্ঠানের মধ্যদিয়ে ১৬ই ডিসেম্বর বিজয় দিবস পালন করায় ধন্যবাদ জানাচ্ছি। আঞ্চলিক রাজনৈতিক পরিস্থিতি ফলে সম্প্রতি এক ব্যক্তি নিহতের ঘটনায় তিনি ভ্রাতৃঘাতী সংঘাত বন্ধের আহ্বান জানান। এসময় তিনি নানিয়ারচরের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলকে একসাথে কাজ করতে উদত্ত আহ্বান জানিয়েছেন।
সভাপতির বক্তব্যে ফজলুর রহমান বলেন, আইন-শৃঙ্খলা সভায় বসে শুধু সিদ্ধান্ত নিলেই হবে না। সকল কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ও জনপ্রতিনিধিদেরকে আন্তরিকভাবে এই সিদ্ধান্ত গুলো বাস্তবায়নে এগিয়ে আসতে হবে। তবেই সর্বোচ্চ ও প্রয়োজনীয় সেবা পাবে সাধারণ জনগণ।
