বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস সম্পর্কে নতুন প্রজন্মকে জানতে হবে-কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

193

খাগড়াছড়ি প্রতিনিধিঃ-খাগড়াছড়ি মাটিরাঙ্গা উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মাটিরাঙ্গা কর্তৃক বাস্তবায়নে নব-নির্মিত আলুটিলা হৃদয় মেম্বার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গকুল পাড়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মাটিরাঙ্গা উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন করা হয়েছে। পরে গকুল পাড়ায় জেলা পরিষদ কর্তৃক দুঃস্থ, অসহায় ও হতদরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার (৯ফেব্রুয়ারী) সকালের দিকে ৭০ লাখ টাকার ব্যয়ে নির্মিত আলুটিলা হৃদয় মেম্বার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দুপুরের দিকে ৬৪লাখ টাকার ব্যয়ে নির্মিত গকুল পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ২৮৮জন মুক্তিযোদ্ধাদের জন্য ১কোটি ৯৪লাখ টাকা ব্যয়ে নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করেন ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, সারাদেশে শীত এবার জাঁকিয়ে বসেছে। বলাবাহুল্য দেশের বিভিন্ন প্রান্তে শীতের প্রকোপ বিভিন্ন ধরন রয়েছে। কোথাও খুব শীত পড়েছে। ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে। শুধু সাধারণ মানুষের কথাই বা বলি কেন, দেশের মানুষের কাছে শীতকাল যতটা না আনন্দ নিয়ে আসে তার থেকে উত্তুরে হাওয়ায় থাকে দুঃখের নিঃশ্বাস। কেননা দেশের বড় একটা সংখ্যার মানুষই বসবাস করে দারিদ্র সীমার নিচে যারা বছরভর পরনের কাপড় যোগাড় করতে হিমশিম খায় তাদের কাছে শীতের পোশাক বাহুল্য বৈকি।যা তাদের জন্য একটু উষ্ণতা বয়ে নিয়ে আসবে। সময় এখন সাহায্যের হাত বাড়িয়ে দেবার। আসুন একবার অসহায় মানুষের কথা ভাবি এবং সাহায্যের হাত বাড়িয়ে দেই। একটি কাপড় দিয়ে হলেও শীতার্তের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি আরো বলেন, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস সম্পর্কে নতুন প্রজন্মকে জানতে হবে।অভিভাবকদের শপথ নিতে হবে। আমাদের সন্তানদের মানুষ করবো, সু-সন্তান এবং সুনাগরিক হিসেবে গড়ে তুলবো।
এ সময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, পার্বত্য জেলা পরিষদের অন্যতম সদস্য পার্থ ত্রিপুরা জুয়েল, সদস্য হিরনজয় ত্রিপুরা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিন, মাটিরাঙ্গা উপজেলার চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার তৃণা দেবী, মাটিরাঙ্গা সদর থানার ওসি মোহাম্মদ আলী, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেমেন্দ্র ত্রিপুরাসহ আরো অনেকে।