গ্রামকে শহরে রূপান্তরিত করতে হলে শিক্ষার কোন বিকল্প নেই – কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

384

লিটন ভট্টচার্য্য রানা, খাগড়াছড়িঃ-সুরেন্দ্র স্মৃতি বিদ্যালের নতুন ভবন ও ব্রীজ উদ্বোধন শেষে আলোচনা সভায় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন, গ্রামকে শহরে রূপান্তরিত করতে হলে শিক্ষার কোন বিকল্প নেই। ডিজিটাল বাংলাদেশের স্বপ্নকে বাস্তবতায় রূপ দিতে বাংলাদেশ সরকার নিয়েছে যুগান্তকারী সব পদক্ষেপ।
দেশের তৃণমূল পর্যায়ে প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে সরকারি সেবা পৌঁছে দেবার অভিপ্রায়ে দেশের ৪৫৫০টি ইউনিয়ন পরিষদে স্থাপন করা হয়েছে ইউনিয়ন ডিজিটাল সেন্টার। কৃষিখাতে অভূতপূর্ব কিছু সাফল্যের জন্য বিশ্ব দরবারে বাংলাদেশ বারবার আলোচিত হয়েছে। প্রায় ১৬ কোটি জনগোষ্ঠীর বাংলাদেশ বর্তমানে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।
বুধবার (৪ মার্চ) দুপুরে সুরেন্দ্র স্মৃতি বিদ্যালের নতুন ভবন ও ব্রীজ উদ্বোধন শেষে আলোচনা সভায় জোরমরম সুরেন্দ্র মাষ্টার পাড়ায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভাইবোনছড়া ইউপি চেয়ারম্যান পরিমল ত্রিপুরার সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, খাগড়াছড়ি জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও পরিষদের সদস্য নির্মলেন্দু চৌধুরী, ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, সদর উপজেলা চেয়ারম্যান শানে আলম, এড. আশুতোষ চাকমা, জাহেদুল আলম, আ: জব্বার, খোকনেশ্বর ত্রিপুরা প্রমূখ।
শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি আরো বলেন, বিগত বছরগুলোতে বাংলাদেশে ধানের উৎপাদন বেড়েছে প্রায় ৫০ লক্ষ মেট্রিক টন।‘যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে আজকের এই উত্তরণ-যেখানে রয়েছে এক বন্ধুর পথ পাড়ি দেওয়ার ইতিহাস’ সরকারের রুপকল্প ২০২১ বাস্তবায়নের এটি একটি বড় অর্জন। এটি সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের সাহসী এবং অগ্রগতিশীল উন্নয়ন কৌশল গ্রহণের ফলে যা সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি, কাঠামোগত রূপান্তর ও উল্লেখযোগ্য সামাজিক অগ্রগতির মাধ্যমে বাংলাদেশকে দ্রুত উন্নয়নের পথে নিয়ে এসেছে।
তিনি বলেন, বাংলাদেশ ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত হওয়ার লক্ষ্য নির্ধারণ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আর শিক্ষিত জাতিই পারে দেশের উন্নয়নের অংশিদার হতে। তাই প্রত্যান্ত এলাকার শিশু সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে বলে তিনি মন্তব্য করেন।
এতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী বলেন, জেলাজুড়ে চলমান উন্নয়নে নতুন নতুন প্রকল্পের উন্নয়ন অব্যাহত আছে। এ সময় বিদ্যালয়ে সংস্কৃতি বিকাশসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী দেওয়ার প্রতিশ্রতি দিয়ে প্রধানমন্ত্রীর সারাদেশে উন্নয়নের কথা তুলে ধরেন।
খাগড়াছড়ি জেলা পরিষদের অর্থায়নে প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে ব্রীজ ও ২০ লক্ষ টাকা ব্যয়ে সুরেন্দ্র স্মৃতি জুনিয়র হাই স্কুল নতুন ভবন নির্মাণ করা হয়। স্বাধীনতার ৫০ বছর পর স্থানীয় প্রায় ২০ গ্রামবাসী ও শিক্ষার্থীরা পেলেন তাদের দীর্ঘদিনের প্রত্যাশার ব্রীজ ও স্কুল।