রাঙ্গামাটিতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সর্বোচ্চ ধর্মীয় গুরু বনভান্তের ১০১তম জন্ম বার্ষিকী পালন

488

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটি-৮জানুয়ারী বৌদ্ধ ধর্মাবলম্বীদের সর্বোচ্চ ধর্মীয় গুরু মহাসাধক শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভান্তের ১০১তম শুভ জন্মজয়ন্তী। এ দিবসকে কেন্দ্র করে উৎসব মুখর পরিবেশে রাঙ্গামাটি রাজবন বিহারে নানা ধর্মীয় অনুষ্ঠান পালন করা হয়েছে। সপ্তাহব্যাপী চলমান অনুষ্ঠানে বুধবার শেষ দিন।
বুধবার রাত ১২ টা ১ মিনিটে বনভান্তের জন্মদিনের কেক কাটেন ভান্তের প্রধান শিষ্য প্রজ্ঞালংকার মহাস্থবির। এ সময় বনভান্তের অন্যান্য শিষ্যরা উপস্থিত ছিলেন।
মহাস্থবির বনভান্তের জন্মদিন উপলক্ষে সকালে বনভান্তের পেটিকাবদ্ধ দেহ ধাতুতে (বিশেষ কফিন) শ্রদ্ধাঞ্জলী নিবেদনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, শিষ্য মন্ডলী, ভিক্ষু সংঘসহ ভক্ত পূণ্যার্থীরা। এসময় রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানসহ দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো বৌদ্ধ নর-নারী ফুল নিয়ে শ্রদ্ধা জানাতে রাজবন বিহার প্রাঙ্গণে ভিড় জমান। এতে করে রাঙ্গামাটি রাজবন বিহার মুখরিত হয়ে উঠে।
এরপর বুদ্ধ পতাকা উত্তোলনের পরে সকালে বিহারের পশ্চিম মাঠের মঞ্চে বনভান্তের প্রতিকৃতি মঞ্চে উপবিষ্ঠ করার মধ্যদিয়ে ব্যাপক ১০১তম জন্মদিনের বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এসময় সংঘদান, অষ্টপরিস্কার দান, বুদ্ধমুর্তি দানসহ নানান দান অনুষ্ঠান ও বনভান্তের জীবনী নিয়ে অনুষ্ঠিত হয় ধর্ম আলোচনা সভা। ধর্র্মীয় আলোচনা সভায় শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভান্তের পবিত্র বাণী মনে করেই নিজের জীবনের সকল পাপ মুক্তির আশাবাদ নিয়ে আর পার্বত্য এলাকার শান্তি যেনো অব্যাহত থাকে সে মনবাসনা মহান বুদ্ধের কাছে পৌঁছে দিতে চেয়েছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা।
উল্লেখ্য, দেশের বৃহত্তম বৌদ্ধ মন্দির রাঙ্গামাটি রাজ বন বিহারের অধ্যক্ষ ও আর্যপুরুষ শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভান্তে ১৯২০ সালের ৮ জানুয়ারী রাঙ্গামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নের মোড়ঘোনা গ্রামের জন্ম গ্রহন করেন। তিনি ২০১২ সালের ৩০ জানুয়ারী ৯৩ বৎসর বয়সে পরিনির্বাণ (দেহত্যাগ) লাভ করেন। বর্তমানে বনভান্তের মরদেহটি বিজ্ঞান সম্মতভাবে পেটিকাবদ্ধ (বিশেষ কফিন) অবস্থায় রাঙ্গামাটির রাজ বন বিহারে রাখা হয়েছে। তারই জন্মজয়ন্তীর স্মৃতিস্বরণে সপ্তাহব্যাপী রাঙ্গামাটি শহর জুড়ে আয়োজন করা হয় মহাধর্মীয় উৎসব।