পাহাড়ে শান্তি ফেরাতে অভিযান চালানো হবেঃ স্বরাষ্ট্রমন্ত্রী

1007

নিজস্ব প্রতিবেদকঃ পার্বত্য চট্টগ্রামে বর্তমানে অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে উল্লেখ করে, পাহাড়ে শান্তি ফেরাতে অভিযান চালানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি আজ শুক্রবার (২৫ অক্টোবর ২০১৯) সকালে রাজধানীর উত্তরার আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) মাঠে অ্যাম্বাসি কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিকদের প্রশ্নে এসব কথা বলেন।

তিনি বলেন, পাহাড়ে আধিপত্য বিস্তারের কারণে যেসব সন্ত্রাসীমূলক কার্যকলাপসহ গুম, হত্যা, অপহরন যারা করছেন, তাদেরকে আমরা কয়েকদিন আগে পাহাড়ে মিটিং করে মেসেজ দিয়ে এসেছি। আমরা পাহাড়েও সন্ত্রাসীমূলক কার্যকলাপ বন্ধে অভিযান শুরু করবো।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম, আর্মড পুলিশ ব্যাটালিয়ন হেডকোয়ার্টারের অতিরিক্ত আইজিপি মোশাররফ হোসেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, ওয়ালটনের আন্তর্জাতিক বিজনেস ইউনিটের সভাপতি এডওয়ার্ড কিম প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী আরো জানান, ভোলার ঘটনা নিয়ে পুলিশ তদন্ত করছে। তদন্তে যাদের নাম বেরিয়ে আসবে তাদের বিচারের মুখোমুখি করা হবে। তিনি বলেন, ‘বাংলাদেশ একটি সুন্দর দেশ। এখানে কোনো সন্ত্রাস ও জঙ্গিবাদ নেই। সব অ্যাম্বাসেডররা ফিল করেন বাংলাদেশ একটি শান্তির দেশ।’