জাতীয় পর্যায়ে কাবাডিতে চ্যাম্পিয়নের গৌরব অর্জনে রাঙ্গামাটির ক্রীড়াঙ্গনকে উজ্জীবিত করেছে-দীপংকর তালুকদার এমপি

747

রাঙ্গামাটিঃ-উৎসব মুখর পরিবেশে রাঙ্গামাটিতে জুরাছড়ি উপজেলার ভুবনজয় সরকারি উচ্চ বিদ্যালয়ের নারী কাবাডি দলের খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয়েছে। রাঙ্গামাটি ফ্রেন্ড্স ক্লাবের উদ্যোগে মঙ্গলবার পযর্টন কমপ্লেক্সে ওই দলকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
গত বুধবার (২ অক্টোবর) অনুষ্ঠিত ৪৮তম গ্রীষ্মকালীন স্কুল মাদ্রাসা জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় কাবাডি বিজয়ী হয় তারা। সব বিভাগকে হারিয়ে সর্বশেষ ঢাকা বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় খুদে শিক্ষার্থীরা।
পর্যটন কমপ্লেক্সে মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের ফ্রেন্ড্স ক্লাবের সভাপতি চিংকিউ রোয়াজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাঙ্গামাটি সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য দীপংকর তালুকদার এমপি।
এ ছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জুরাছড়ি জোন কমান্ডার লেঃ কর্ণেল মাহমুদুল হাসান, এডিসি শারমিন আলম, জুরাছড়ি উপজেলা চেয়ারম্যান সুরেশ কান্তি চাকমা, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, জেলা পরিষদ সদস্য জ্ঞান চাকমা, জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক শফিউল আযম প্রমুখ। এর আগে কাবাডি দলের সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানায়।
জুরাছড়ি উপজেলার ভুবনজয় সরকারি উচ্চবিদ্যালয়ের নারী কাবাডি দলের অধিনায়ক পুরবি চাকমা বলেন, ‘আমরা প্রতিটি দলকে সহজে পরাজিত করেছি। তেমন কোনো অনুশীলন ও প্রশিক্ষণ আমরা পায়নি। সবার সহযোগিতা পেলে আন্তর্জাতিক ভাবে খেলতে পারব।’
সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি বলেন, বাংলাদেশের দুর্গম পার্বত্য জুরাছড়ি উপজেলা থেকে জাতীয়ভাবে কাবাডি খেলায় চ্যাম্পিয়ন হয়ে পুরো রাঙ্গামাটি এখন আনন্দে ভাসছে। এ অর্জন রাঙ্গামাটির ক্রীড়াঙ্গনকে উজ্জীবিত করছে। কাবাডিসহ অন্যান্য খেলা অব্যাহত রাখলে রাঙ্গামাটির খেলাধূলার আরও উন্নতি ঘটবে বলে তিনি উল্লেখ করেন।
আজকের সংবর্ধনা খেলোয়াড়দের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় উৎসাহিত করতে এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে।