নিজস্ব প্রতিবেদক,রাঙ্গামাটি : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ), মাইজভান্ডার দরবার শরীফসহ বিভিন্ন ধর্মীয় বিষয় নিয়ে ফেসবুকে বিকৃত ও উস্কানিমূলক পোস্ট এবং শেয়ারের মাধ্যমে ধর্মীয় অনুভুতিতে আঘাতের প্রতিবাদে রাঙ্গামাটিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ অক্টোবর) দুপুরে রিজার্ভ বাজার জামে মসজিদ মুসল্লিদের ব্যানারে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তারা আগামী ৪৮ ঘন্টার মধ্যে ধর্মীয় অনুভুতিতে আঘাতকারীদের গ্রেফতারের দাবি জানান। অন্যথায় হরতালসহ বৃহত্তর কর্মসূচীর হুশিয়ারি দেন।
শহরের রিজার্ভ বাজার জামে মসজিদের সামনে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন রিজার্ভ বাজার ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি আলহাজ্ব আনোয়ার মিয়া বানু। বক্তব্য রাখেন, রাঙ্গামাটি পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মোঃ জামাল উদ্দিন, কাউন্সিলর করিম আকবর, আমানতবাগ জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলনা মোঃ আখতার হোসেন চৌধুরী, শান্তি নগর জামে মসজিদের খতিব মাওলানা শফিউল আলম আল-ক্বাদেরী, আশেকানে মাইজভান্ডার এসোসিয়েশন রাঙ্গামাটি জেলা সভাপতি মোঃ শাহ আলম, জেলা গাউছিয়া কমিটির সাবেক সভাপতি হাজী জানে আলম, আবদুল হালিম ভোলা, ইয়াছিন রানা সোহেল প্রমুখ। পরিচালনা করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার শিক্ষার্থী শায়ের মোঃ নঈম উদ্দিন বাবু।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে লা মাজহাবী ,সালাফি অনুসারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে পবিত্র ঈদে মিলাদুন্নবী(দঃ), মাইজভান্ডার দরবার শরীফ, শবে মেরাজসহ ধর্মীয় বিভিন্ন বিষয় নিয়ে বিকৃত ও উস্কানিমূলক পোস্ট ও শেয়ার করছে। যা নিঃসন্দেহে সরাসরি ধর্মীয় অনুভুতিতে আঘাত করছে। বারবার স্থানীয় আলেম ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে নিষেধ করার পরেও তারা থেমে থাকেনি। এই বিষয় নিয়ে প্রতিবাদকারীদের হামলারও হুমকি দিয়েছে। এই ঔদ্ধত্ত্যপূর্ণ ও ধর্মীয় অনুভুতিতে আঘাতকারীদের আশ্রয়-প্রশ্রয়দাতাদেরও আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান বক্তারা।
এসময় উপস্থিত ছিলেন জেলা গাউছিয়া কমিটির সদস্য আলহাজ্ব মোঃ আবদুল করিম খান, রিজার্ভ বাজার জামে মসজিদের পেশ ইমাম হাফেজ ক্বারী নঈম উদ্দিন আল-ক্বাদেরী, সহকারি ইমাম হাফেজ ক্বারী ইব্রাহিম আল-ক্বাদেরী, বনরূপা জামে মসজিদ পরিচালনা কমিটির সাবেক সভাপতি আলহাজ্ব আলতাফ সওদাগর, হযরত আবদুল হাকিম প্রকাশ আব্দুল্লাহ ফকির (রহঃ) ওরশ পরিচালনা কমিটির সাধারন সম্পাদক আবদুস সাত্তার, পৌর গাউছিয়া কমিটির সাবেক সভাপতি মোজাহেরুল ইসলাম ওয়াসিম, কলেজ গেইট শাখার সিনিয়র সহ-সভাপতি হাজী আবুল কালাম, সাধারন সম্পাদক মোঃ জসীম উদ্দিন, ৪নং ওয়ার্ড শাখার সাধারন সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম রাশেদ, বনরূপা জামে মসজিদের সহকারি ইমাম হাফেজ জয়নাল আবেদীন, হাফেজ জামাল উদ্দিন, হাফেজ মাহবুবুল আলম প্রমুখ। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে শহরের বিভিন্ন মসজিদের ইমাম, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও বিভিন্ন স্থান থেকে শত শত মুসল্লি মানববন্ধনে যোগদেন।
মানববন্ধন শেষে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাঙ্গামাটি প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এসব উস্কানীদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বৃহস্পতিবার জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান করা হবে জানা গেছে।
