পদ্মা সেতু হোক যারা চায়না, তারাই গুজব ছড়াচ্ছে – বীর বাহাদুর এমপি

556

বান্দরবান প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, পদ্মা সেতুতে মানুষের মাথা লাগবে বলে যে গুজব ছড়ানো হয়েছে এটি ষড়যন্ত্র, এটির কোন ভিত্তি নেই। যারা এসব গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শনিবার সকালে বান্দরবান জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরাম এর উদ্যোগে বান্দরবানে ছেলেধরা ও মাথাকাটার গুজব নিয়ে জনসচেতনতা সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর এসব কথা বলেন।

অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য মোঃ শফিকুর রহমান, পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মংক্যচিং চৌধুরী সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর আরো বলেন, যারা পদ্মা সেতু তৈরী হোক এটা চায়না তারাই এমন গুজব ছড়াচ্ছে। দেশব্যাপী ছেলে ধরা সন্দেহে মানুষকে পিটিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা চালাচ্ছে একটি মহল। তাই যারা এধরনের গুজব ছড়াচ্ছে এবং ছেলে ধরা সন্দেহে মানুষকে পিটিয়ে আইন নিজের হাতে তুলে নিচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে তিনি হুশিয়ারী উচ্চারণ করেন।

দিবসটি উপলক্ষে শনিবার সকালে বান্দরবান জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরাম এর উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে গিয়ে আলোচনাসভায় মিলিত হয়।