বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

354

বান্দরবানঃ-“দুর্যোগ ঝুঁকি হ্রাসে পূর্ব প্রস্তুতি, টেকসই উন্নয়নে আনবে গতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১০ মার্চ) সকালে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ব্যবস্থাপনায় বান্দরবান জেলা প্রশাসকের প্রাঙ্গণ হতে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে এসে সমবেত হয়। র‌্যালীতে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে বিভিন্ন শ্রেণীপেশার জনসাধারণ অংশ নেন।
পরে জেলা প্রশাসকের প্রাঙ্গনে এক অগ্নি নির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়। এসময় বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য এবং রেড ক্রিসেন্টের কর্মীরা অগ্নিকান্ড, ভুমিকম্প ও যে কোন বিপদে কিভাবে নিজেদের রক্ষা করতে হবে এবং প্রাথমিক চিকিৎসা কিভাবে নিতে হবে এর উপর একটি মহড়া প্রদর্শন করেন।
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মো: শামীম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো: মোবাশ্বের হোসেন, বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক কামাল উদ্দিন ভুইয়া, জেলা দুর্যোগ ও ত্রাণ বিষয়ক কর্মকর্তা মো: কামরুল আহসানসহ বিভিন্ন সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী এবং শিক্ষকেরা উপস্থিত ছিলেন।