॥ রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবান ॥
খেলাধুলার মাধ্যমে সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে নিয়ে পার্বত্য জেলা বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে শেষ হল সম্প্রীতির ফুটবল টুর্ণামেন্ট।
রবিবার (৩০ আগস্ট) বিকালে বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদের আয়োজনে, বান্দরবান সেনা জোনের সার্বিক সহযোগিতায় বান্দরবান জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার আপ দলকে পুরস্কার ও ট্রফি প্রদান করেন সেনাবাহিনীর রোয়াংছড়ি উপজেলার সাব জোন কমান্ডার মেজর রাফিউর রহমান রাজীব,এসইউপি।
বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদের সভাপতি আজহারুল ইসলাম বাবুল এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন বান্দরবান জেলা ক্রীড়া অফিসার মো.রেজাউল করিম, পার্বত্য জেলা পরিষদের সদস্য মোহাম্মদ জসিম উদ্দীন তুষার, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু।
সমাপনী খেলায় কিংস অব বনরুপা মুখোমুখি হয় জামছড়ি ইউনিয়ন একতা স্পোটিং ক্লাবের।
টান টান উত্তোজনপূর্ণ এই সমাপনী খেলায় কিংস অব বনরুপা ৪-১ গোলে জামছড়ি ইউনিয়ন একতা স্পোটিং ক্লাবকে পরাজিত করে টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় গৌরব অর্জন করে।
খেলা শেষে বিজয়ী দল কিংস অব বনরুপা ও রানার আপ দল জামছড়ি ইউনিয়ন একতা স্পোটিং ক্লাবকে ট্রফি ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা।
প্রসঙ্গত: গত ২২ আগষ্ট বান্দরবান জেলা স্টেডিয়ামে সম্প্রীতির ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন হয়, আর এবারের টুর্ণামেন্টে বান্দরবানের ১৬টি ফুটবল দল অংশগ্রহণ করেছে।
