লংগদুর আটারকছড়ায় ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারের পাশে সেনাবাহিনী

23

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি মানবিক সহায়তার অংশ হিসেবে ক্যান্সারে আক্রান্ত এক রোগীর পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
বুধবার (১২ আগস্ট) সকালে ‘সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প’-এর আওতায় খাগড়াছড়ি রিজিয়নের উদ্যোগে লংগদু জোনের পক্ষ থেকে ডানে আটারকছড়া এলাকার রিয়েল চাকমার ক্যান্সারে আক্রান্ত পিতার উন্নত চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়।
রিজিয়ন কমান্ডারের নির্দেশনায় লেফটেন্যান্ট শাহরিয়ার নাফিস ভুক্তভোগী পরিবারের হাতে এ আর্থিক সহায়তা তুলে দেন।
দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন রিয়েল চাকমার পিতা। পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে উন্নত চিকিৎসা চালিয়ে নেওয়া কঠিন হয়ে পড়েছিল। এমন পরিস্থিতিতে সেনাবাহিনীর এই সহায়তা পরিবারের জন্য কিছুটা স্বস্তি ও আশার সঞ্চার করেছে।
আর্থিক অনুদান গ্রহণের পর ভুক্তভোগী পরিবারের সদস্যরা লংগদু জোন তথা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, দুঃসময়ে পাশে দাঁড়ানো এই সহায়তা তাদের চিকিৎসা চালিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্থানীয়দের মতে, পার্বত্য অঞ্চলে নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সেনাবাহিনীর এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ পারস্পরিক আস্থা ও সম্প্রীতি আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখছে।
লংগদু জোনের পক্ষ থেকে জানানো হয়, পার্বত্য এলাকায় শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি স্থানীয় জনগণের জীবনযাত্রার মানোন্নয়ন এবং যেকোনো মানবিক প্রয়োজনে সেনাবাহিনী পাশে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও সহায়তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।