শর্ট সার্কিট থেকে বসতঘরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবার পেল ঘর মেরামতের সামগ্রী ও নগদ অর্থ

41

॥ মো. গোলামুর রহমান, লংগদু ॥
রাজনগর জোনের দায়িত্বপূর্ণ এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বসতঘরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত একটি অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে বিজিবি রাজনগর জোন।
শুক্রবার (৭ আগস্ট) সকালে রাজনগর জোনের দায়িত্বপূর্ণ বগাচত্তর ইউনিয়নের জব্বারশিবির এলাকার বাসিন্দা মোঃ রহিম সরদার এর বসতঘর বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডে পুড়ে ভস্মিভূত হয়ে যায়। এতে বসতঘরের আসবাবপত্র, ধান ও বিভিন্ন প্রয়োজনীয় মালামাল পুড়ে যায়। এই অনাকাঙ্খিত ঘটনায় উক্ত পরিবারটি ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনাটি জানতে পেরে রাজনগর জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ শাহনেওয়াজ তাসকিন, পিএসসি একটি মানবিক পদক্ষেপ গ্রহণ করেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের বসতঘরটি পুনরায় বসবাসের উপযোগী করে তোলার জন্য ২ বান্ডেল ঢেউটিন এবং বসতঘরের আসবাবপত্র ও বিভিন্ন প্রয়োজনীয় মালামাল ক্রয় করার জন্য নগদ ১০হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন।
রাজনগর জোনের এই মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে জোন কমান্ডার জানানঃ “জনকল্যাণ ও স্থানীয় জনগণের যেকোনো বিপদে পাশে দাঁড়ানো আমাদের অন্যতম দায়িত্ব। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বসতঘরে অগ্নিকান্ডে পরিবারটির এই আকস্মিক ক্ষতি কাটিয়ে উঠতে রাজনগর জোন সব সময় সচেষ্ট থাকবে। ভবিষ্যতেও আমাদের এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।”
সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারটি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ রাজনগর জোনের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। জোন কর্তৃপক্ষের এই সময়োপযোগী উদ্যোগ স্থানীয় জনগণের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে।