॥ নিজস্ব প্রতিবেদক ॥
আসন্ন নৌযান শুমারি-২০২৬ সফল বাস্তবায়নের লক্ষ্যে রাঙ্গামাটিতে নৌযান সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে জেলা পর্যায়ের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী। বিশেষ অতিথি ছিলেন, সিভিল সার্জন নূয়েন খীসা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোছাইন। সভায় মূল উপস্থাপনা করেন, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক মো. নুর উজ জমান।
সভায় জানানো হয়, ২০২২ সালের শুমারিতে ৪২২টি ঘাটে ৪ হাজার ২৯৬টি নৌযানের তথ্য পাওয়া গিয়েছিল। ২০২৬ সালের প্রাথমিক তথ্যে ৫৭০টি ঘাটে ৭ হাজার ৮৯৮টি এবং ঘাটের বাইরে আরও ১ হাজার ৮৫৯টি নৌযানের সন্ধান পাওয়া গেছে।
বক্তারা জানান, সঠিক তথ্য না থাকায় দুর্ঘটনার পর মালিক বা চালককে খুঁজে পাওয়া এবং সরকারি সহায়তা প্রদান কঠিন হয়ে পড়ে। আগামী ২০ থেকে ২৯ আগস্ট ২০৮ জন গণনাকারীর মাধ্যমে জেলায় নতুন করে শুমারি পরিচালিত হবে।
সভায় বক্তারা বলেন, নৌযান শুমারির মাধ্যমে দেশের নৌযানের সঠিক তথ্যভান্ডার তৈরি হবে, যা নৌপরিবহন খাতের পরিকল্পনা, নীতিনির্ধারণ ও ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস), পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ এবং নৌপরিবহন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ শুমারি কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
