॥ নিজস্ব প্রতিবেদক ॥
টানা বৃষ্টিপাত ও জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে পড়া রাঙ্গামাটি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সৈয়দ নগরের নিম্নআয়ের অর্ধশতাধিক অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ।
মঙ্গলবার (৪ আগষ্ট) সকালে বন্যায় পানিবন্দী ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দের খাদ্যশস্য নিয়ে স্বশরীরে সেখানে হাজির হন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম।
স্থানীয়রা জানান, রাঙ্গমাাটি শহরের কেন্দ্রস্থলের কাছে থাকা সত্ত্বেও নাগরিক সুবিধাবঞ্চিত পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সৈয়দ নগর এলাকার চলাচলের একমাত্র ভরসা নৌকা। যাতায়াত ব্যবস্থার চরম দুর্ভোগের কারণে এই দুর্গম এলাকার খোঁজখবর কেউ নেন না বললেই চলে। তবে সেই চেনা দেয়াল ভেঙে ভালোবাসার অনন্য নজির স্থাপন করলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম।
এসময় তিনি সুবিধাভোগীদের এক জায়গায় ডেকে এনে ত্রাণ বিতরণের প্রথাগত নিয়মের বাইরে গিয়ে এক অনন্য মানবিকতা দেখান হাবীব আজম। যাতায়াতের সকল প্রতিকূলতা উপেক্ষা করে তিনি নিজেই বন্যার পানিকে উপেক্ষা করে পায়ে হেঁটে সৈয়দ নগর ও আশেপাশের এলাকার মানুষের বাড়ি বাড়ি গিয়ে অর্ধশতাধিক পানিবন্দী ও সুবিধাবঞ্চিত ও কর্মহীন পরিবারের মাঝে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌছে দেন তিনি।
এসময় তিনি জানান, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমার দায়িত্বের অংশ। ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের জন্য মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
উপকারভোগীরা জানান, শহরের ভেতরে থেকেও আড়ালে ও অবহেলায় রয়েছি বন্যায় ক্ষতিগ্রস্ত এইসব পরিবারগুলো। আর তাঁদের দ্বারে পৌঁছানো হাবীব আজমের এই ব্যতিক্রমী দায়িত্ববোধ ও সাধারণ মানুষের প্রতি মহানুভবতার পরিচয়। বন্যায় পানিবন্দি ও নিত্যপণ্যের ঊর্ধ্বগতির এই সময়ে এমন সহায়তা তাদের পরিবারের জন্য স্বস্তি বয়ে এনেছে।
