॥ রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবান ॥
যথাযোগ্য ধর্মীয় মর্যাদা, শান্তিপূর্ণ পরিবেশ ও নানা আয়োজনের বান্দরবানে মধ্যদিয়ে পালিত হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র ধর্মীয় উৎসব আষাঢ়ী পূর্ণিমা।
আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে বুধবার (২৯ জুলাই) শত শত ভক্তের পদচারণায় মুখরিত হয়ে ওঠে বান্দরবানের বিভিন্ন বৌদ্ধ বিহারগুলো।
সকাল থেকে রাজগুরু মহা বৌদ্ধ বিহার, সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহার, বালাঘাটা কেন্দ্রীয় বৌদ্ধ বিহার, উজানী পাড়া রাজগুরু মহা বৌদ্ধ বিহার সহ বিভিন্ন বৌদ্ধ বিহারে শুরু হয় প্রার্থনা, চীবরদান, গুরু ভক্তি, ছোয়াইং দান (বৌদ্ধ ভিক্ষু খাবার দান)। বিকালে বুদ্ধ মূর্তি স্মান, সমবেত প্রার্থনা, হাজার প্রদীপ প্রজ্বলনসহ নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন রয়েছে।
এসময় ধর্মীয় দেশনা ও শীল প্রদান করেন রাজগুরু মহা বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত উ. কেতু মহাথের, উজানীপাড়া মহা বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত ড. সুবন্নালংকারা মহাথের, সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত চন্দ্রজ্যোতি মহাথের।
এদিকে, আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে তিন মাস বর্ষাবাস পালন করবে বৌদ্ধ ধর্মাবলম্বীরা। এসময় সংযম পালনের মধ্যদিয়ে ন্যায়, সৎ পথে চলা, বুদ্ধের জীবনানুসারণ ও পরোপকারে তিন মাস অতিক্রম করবে প্রতিটি বৌদ্ধ ধর্মাবলম্বী পরিবার।
অনুষ্ঠানে উপস্থিত থেকে শীল গ্রহন করেন বোমাং রাজা উচ প্রু, রাজপুত্র মংওয়ে প্রু সহ বিহারের দায়ক-দায়িকা ও উপাসক-উপাসিকারা।
