পার্বত্য জেলা পরিষদে ৯৩% মেধাভিত্তিক নিয়োগের দাবি, ৬ দফা ঘোষণা

47

॥ নিজস্ব প্রতিবেদক ॥
পার্বত্য তিন জেলা পরিষদের হস্তান্তরিত বিভাগে আইন মন্ত্রণালয়ের ব্যাখ্যা অনুযায়ী ৯৩ শতাংশ মেধাভিত্তিক নিয়োগ কার্যকরসহ ছয় দফা দাবি জানিয়েছে কোটা বিরোধী ঐক্যজোট, রাঙ্গামাটি পার্বত্য জেলা।
কোটা বিরোধী ঐক্যজোটের দাবি এবং আন্দোলনের প্রেক্ষিতে, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়ের মতামতের প্রেক্ষিতে, যে চিঠি প্রেরণ করেছে তার মূল্যায়ন এবং পরবর্তী কর্মসূচি সম্বন্ধে অবহিতকরণের লক্ষ্যে সাংবাদিক সম্মেলন এইসব কথা জানান কোটা বিরোধী ঐক্যজোট।
সোমবার (২৭ জুলাই) সকালে রাঙ্গামাটির আয়োজন রেস্তোরাঁয় সাংবাদিক সম্মেলনে কোটা বিরোধী ঐক্যজোটের আহবায়ক মোহাম্মদ জনি, কোটা বিরোধী ঐক্যজোটের সদস্য সচিব মোঃ নুরুল আলম, কোটা বিরোধী ঐক্যজোটের যুগ্ন আহবায়ক ফজলে রাব্বি, কোটা বিরোধী ঐক্যজোটের যুগ্ন আহবায়ক ইব্রাহিম রুবেলসহ জেলার কোটা বিরোধী ঐক্যজোটের সদস্যরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সরকারের আইন মন্ত্রণালয় নিজেই বৈষম্যমূলক কোটার অবৈধতা উন্মোচন করে মেধার মূল্যায়নকে চূড়ান্ত আইনি ভিত্তি দিয়েছে, সেহেতু জেলা পরিষদ কর্তৃপক্ষের আর কোনো অজুহাত দেখানোর সুযোগ নেই। আমরা অবিলম্বে আমাদের এই ৬ দফা দাবি মেনে নিয়ে স্থগিত নিয়োগ পরীক্ষা দ্রুত সম্পন্ন করার দাবি জানাচ্ছি। যদি এই আইনি ব্যাখ্যা পাওয়ার পরও জেলা পরিষদ কোনো প্রকার টালবাহানা বা কালক্ষেপণ করার চেষ্টা করে, তবে কোটা বিরোধী ঐক্যজোট পাহাড়ের সর্বস্তরের ছাত্র-জনতাকে সাথে নিয়ে কঠোর থেকে কঠোরতর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে। এর ফলে উদ্ভূত যেকোনো পরিস্থিতির জন্য জেলা পরিষদ কর্তৃপক্ষকে এককভাবে দায়ভার বহন করতে হবে।