৪ দিন ১১ ঘণ্টা পর বন্ধ করে দেয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

23

॥ ঝুলন দত্ত, কাপ্তাই ॥
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা নিরাপদ পর্যায়ে নেমে আসায় টানা ৪ দিন ১১ ঘণ্টা ৪০ মিনিট চালু থাকার পর বুধবার (২২ জুলাই) রাত ১১টায় রাঙ্গামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের স্পিলওয়ের ১৬টি জলকপাট বন্ধ করে দিয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কপাবিকের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, গত চার দিন ধরে স্পিলওয়ের ১৬টি গেইট দিয়ে পানি ফলে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা কমে এসেছে। এ কারণে বুধবার রাত ১১টায় সব গেইট বন্ধ করে দেওয়া হয়েছে।
তিনি জানান, রাত ১১টায় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ছিল ১০৩.২৬ ফুট মিন সি লেভেল (গঝখ)। এ সময় কেন্দ্রের পাঁচটি উৎপাদন ইউনিট থেকে গড়ে ২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল।
তিনি আরো জানান, কাপ্তাই হ্রদের পানির উচ্চতা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। ভবিষ্যতে ভারী বৃষ্টিপাতের কারণে পানির স্তর আবার বেড়ে গেলে পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানির স্তর বেড়ে যাওয়ায় উজান এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। এ অবস্থায় গত শনিবার (১৮ জুলাই) সকাল ১১টা ২০ মিনিটে বাঁধের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে ছেড়ে দেওয়া হয়।
এর ফলে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কাপ্তাই হ্রদ থেকে কর্ণফুলী নদীতে প্রবাহিত হচ্ছিল। টানা ১০৭ ঘণ্টা ৪০ মিনিট পানি নিষ্কাশনের পর হ্রদের পানির উচ্চতা নিরাপদ পর্যায়ে নেমে আসায় কর্তৃপক্ষ সব গেইট বন্ধের সিদ্ধান্ত নেয়।