রাঙ্গামাটির কাউখালীতে মেরামতের দু’দিনের মাথায় ইট বোঝাই ট্রাকসহ বেইলী ব্রীজের পাটাতন ধস

24

॥ কাউখালী প্রতিনিধি ॥
মেরামতের দুই দিনের মাথায় রাঙ্গামাটির কাউখালীতে ধারণ ক্ষমতার বাইরে ইট বোঝাই ট্রাকের ভারে ফের বেইলী ব্রিজের পাটাতন ধসে পড়ে। এতে করে কাউখালী উপজেলার সাথে রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কে সাময়িক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে করে সীমাহীন দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। তবে এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এর আগে গত শনিবার (১৮ জুলাই) ইট বোঝাই ট্রাকসহ সেতুটির পাটাতন ভেঙেছিল। পরে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সেতুর পাটাতন মেরামত করলে গত মঙ্গলবার (২১ জুলাই) পুনরায় যানবাহন চলাচল শুরু হয়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পাশের রাঙ্গুনিয়া উপজেলার সেগুনবাগান, বহড়াতল, বেতছড়ি ও ত্রিপুরা দিঘি এলাকা থেকে অতিরিক্ত ইটবোঝাই ভারী ট্রাক চলাচলের কারণে প্রতিনিয়ত এই বেইলি সেতুতে দুর্ঘটনা ঘটছে। সেতুতে পাঁচ টনের অধিক যানবাহন চলাচল নিষেধ থাকলেও প্রশাসনের কোনো কথাই কর্ণপাত করছে অসাধু ইট পরিবহন ব্যবসায়ীরা।
রাঙ্গামাটি সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পাঁচ টনের অধিক যানবাহন চলাচল নিষেধ থাকলেও, ভোরে বা রাতে আধারে অধিক পরিমাণে ইট বোঝাই করে পারাপার হতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি নেওয়ার পর দ্রুততার সাথে ব্রিজের পাটাতন ঠিক করে সড়ক যোগাযোগ পুনঃ স্থাপনের কাজ করা হবে।
তিনি আরো জানান, এ বেইলি ব্রিজটি কংক্রিটের ব্রিজ নির্মাণের জন্য ইতিমধ্যে ঠিকাদারকে কার্যাদেশও দেওয়া হয়েছে। বর্ষা মৌসুম শেষ হলে কংক্রিটের ব্রিজ নির্মাণের কাজ শুরু হবে।
উল্লেখ্য, কাউখালী-রানীরহাট সড়কের প্রায় ৮ কিলোমিটারের মধ্যে চারটি বেইলি সেতু রয়েছে, যেগুলো দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ। এর মধ্যে দুটিতে কংক্রিটের সেতু নির্মাণের কাজ শুরু হলেও তার গতি অত্যন্ত ধীরগতির বলে অভিযোগ স্থানীয়দের।