॥ রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবান ॥
টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবানের সাংগু আর মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পেয়েছে। অতি বৃষ্টিতে বান্দরবানের জেলা সদর, লামা, আলীকদম, রোয়াংছড়ি, নাইক্ষ্যংছড়িসহ বিভিন্ন উপজেলার নিম্মাঞ্চল পানিতে প্লাবিত হয়ে পড়েছে।
বৃষ্টির কারণে সড়কে পানি জমে থাকায় বান্দরবানের সাথে কেরানীহাট, চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটিসহ সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় বাস চলাচল বন্ধ রয়েছে।
এদিকে বাস সার্ভিস বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছে অনেক যাত্রী। অনেকে সকাল থেকে বাসস্টেশানগুলোতে ভীড় করে ও নিজ নিজ গন্তব্যে যেতে পারছে না। বাধ্য হয়ে ছোট ছোট গাড়ীতে অতিরিক্ত ভাড়ায় কিছুটা পথ এগুচ্ছে কিছু যাত্রী।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় (গতকাল সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত) বান্দরবানে ১৩১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা অতি ভারী বৃষ্টিপাত।
এদিকে অতিবৃষ্টিতে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বান্দরবান জেলা সদরের নদীর তীরবর্তী ঘরবাড়ীসহ বালাঘাটা, ক্যামলং, আর্মিপাড়া, ইসলামপুর, শেরে বাংলানগর সহ আশপাশের নিম্মাঞ্চলে পানি প্রবেশ করায় স্থানীয়রা চরম দুর্ভোগে পড়েছে। অনেকে প্রাণ বাঁচাতে আশ্রয়কেন্দ্রে ওঠছে।
দুর্যোগ মোকাবেলায় সার্বিক ব্যবস্থা গ্রহণের কথা জানান জেলা প্রশাসক। জেলা প্রশাসক মো.সানিউল ফেরদৌস জানান, বান্দরবানের ৭টি উপজেলায় ২২০টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে আর এই আশ্রয়কেন্দ্রে প্রায় ৪ হাজার জনগণ আশ্রয় নিয়েছে।
