বান্দরবানের সব পর্যটনকেন্দ্র সময় বাড়িয়ে ১২ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা

46

॥ বান্দরবান প্রতিনিধি ॥
টানা ভারী বর্ষণের কারণে সৃষ্ট দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটনকেন্দ্র আগামী রোববার (১২ জুলাই) পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। পর্যটক ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থে পূর্বে জারি করা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সানিউল ফেরদৌস স্বাক্ষরিত জারি করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, বিদ্যমান আবহাওয়াজনিত পরিস্থিতি ও সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকল্পে গত ৬ জুলাই জারিকৃত জরুরি গণবিজ্ঞপ্তির অনুবৃত্তিক্রমে বান্দরবান পার্বত্য জেলার সকল পর্যটন কেন্দ্র আগামী ১২ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করা হলো।
গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ সময়ের মধ্যে জেলার সব পর্যটনকেন্দ্র, ঝর্ণা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটকদের ভ্রমণ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।
পাশাপাশি ট্যুর অপারেটরসহ সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং জেলা প্রশাসনের নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনের আহ্বান জানানো হয়েছে।
জেলা প্রশাসন জানিয়েছে, আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যটকদের অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকার অনুরোধ জানানো হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সময়ে নতুন নির্দেশনা দেওয়া হবে।