॥ রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবান ॥
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে বান্দরবান শহরের বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) রাতে হঠাৎ পানি বৃদ্ধি পাওয়ায় শহরের আর্মি পাড়া, শেরে বাংলা নগর, ইসলামপুর, বরিশাল পাড়াসহ আশপাশের নিচু এলাকাগুলো পানিতে তলিয়ে যায়। এতে ঘরবাড়ি, সড়ক ও উঠানে পানি ঢুকে পড়ে এবং চরম দুর্ভোগে পড়েন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়রা জানান, রাতের দিকে পাহাড়ি ঢলের পানি দ্রুত বৃদ্ধি পেতে শুরু করে। অল্প সময়ের মধ্যেই বিভিন্ন বাসাবাড়িতে পানি প্রবেশ করে। অনেক পরিবার প্রয়োজনীয় মালামাল নিরাপদ স্থানে সরিয়ে নিতে হিমশিম খাচ্ছেন। কোথাও কোথাও হাঁটু থেকে কোমর সমান পানি জমে যাওয়ায় স্বাভাবিক চলাচল ব্যাহত হয়েছে।
বৃষ্টিতে বান্দরবানের আর্মিপাড়া, ইসলামপুর, উজানীপাড়াসহ বিভিন্নস্থানে নিচু এলাকায় ঘরে পানি প্রবেশ করেছে আর বৃষ্টিপাত অব্যাহত থাকলে পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী। এদিকে ঘরবাড়ী ডুবে যাওয়ায় অনেকেই উঠেছে আশ্রয়কেন্দ্রে।
বান্দরবান পৌরসভার প্রশাসক এস, এম, মনজুরুল হক জানান, দুর্যোগ মোকাবেলায় জেলায় ২২০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুুত রেখেছে প্রশাসন তার মধ্যে বান্দরবান পৌরসভায় যে আশ্রয় কেন্দ্র গুলো রয়েছে সেই আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়া স্থানীয় বাসিন্দাদের পৌরসভার পক্ষ থেকে শুকনা খাবারের পাশাপাশি রান্না করা খাবার বিতরণ করা হবে।
