॥ বরকল প্রতিনিধি ॥
রাঙ্গামাটির বরকল উপজেলার শুভলং ইউনিয়ন-এর ইসলামপুর এলাকায় এক নারীর রহস্যজনক মৃত্যু নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত নারীর নাম মোছাঃ আয়েশা খাতুন (৪৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (২১ জুন) সন্ধ্যা আনুমানিক ৭টা ২০ মিনিটের দিকে ইসলামপুর জামে মসজিদ সংলগ্ন নিজ বাড়ির একটি কক্ষ থেকে আয়েশা খাতুনকে গুরুতর আহত অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে ইট দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা জানান। নিহত আয়েশা খাতুন ইসলামপুর এলাকার বাসিন্দা এবং তার স্বামীর নাম রফিজুল ইসলাম।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, খবর পেয়ে শুভলং পুলিশ ফাঁড়ি-এর সদস্যরা ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি নেয় এবং ঘটনার তদন্ত শুরু করে। মরদেহ উদ্ধার, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত এবং পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে, আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনাকে কেন্দ্র করে এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশের তদন্ত শেষে হত্যার প্রকৃত কারণ এবং জড়িতদের পরিচয় সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
