॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়ির গুইমারা উপজেলায় সরকারি উদ্যোগে পিলাক খাল খননের কাজে ব্যবহৃত একটি এক্সক্যাভেটর দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ে গেছে। বৃহস্পতিবার (২২ মে) রাতে কোন এক সময় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গুইমারা উপজেলা প্রশাসন ও পুলিশ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, যে খাল খনন করা হচ্ছিল, এর নাম পিলাক। গত ২৮ এপ্রিল খালটির খনন শুরু হয়। এরই মধ্যে খালের বেশ কিছু অংশে খননের কাজ শেষ হয়েছে। বৃহস্পতিবার রাতে খাল খননের কাজে ব্যবহৃত এক্সক্যাভেটরটিতে দুর্বৃত্তরা আগুন দেওয়ার ঘটনা ঘটে। এক্সক্যাভেটরটি পুড়ে যাওয়ায় প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।
জানা যায়, শুক্রবার সকালে উপজেলার হাফছড়ি ইউনিয়নের পতাছড়া বিহার এলাকায় খনন কাজের সাথে যুক্ত শ্রমিক ও স্থানীয়রা স্কেভেটরটি আগুনে পোড়ানো অবস্থায় দেখতে পান।
হাফছড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও পিলাক খাল খনন কমিটির সভাপতি অংগ্যজয় মারমা বলেন, রাতের আঁধারে কে বা কারা এসে এক্সক্যাভেটরটি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। আমরা শুক্রবার সকালে বিষয়টি জানতে পেরেছি।
স্থানীয়দের অভিযোগ, গুইমারায় খাল খনন প্রকল্পের থেকে চাঁদা দাবি করে আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ। ধারণা করা হচ্ছে চাঁদা না পেয়ে এই ঘটনা ঘটিয়েছে তারা। এর আগে চাঁদা না দেওয়ায় একাধিকবার কাজ বন্ধ করে দেওয়ার ঘটনাও ঘটে বলে অভিযোগ রয়েছে।
গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিসকাতুল তামান্না জানান, দুর্বৃত্তদের আগুনে স্কেভেটারের কিছু গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে জানিয়েছেন তিনি।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহরাওয়ার্দী বলেন, আগুন দেওয়ার ঘটনায় দোষী ব্যক্তিদের খুঁজে বের করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। ঘটনাস্থলে আমাদের পুলিশের টিম কাজ করছে।
উল্লেখ্য, বুধবার (২০ মে) খাগড়াছড়ি ২৯৮নং আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া গুইমারা উপজেলার পিলাক খাল খননের কাজে উদ্বোধন করেন। দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের অধীনে প্রায় ৯০ লাখ টাকা ব্যয়ে পিলাক খাল খনন কাজ বাস্তবায়ন করা হচ্ছে বলে জানা গেছে।
