বাঘাইছড়িতে বিজিবির অভিযানে পাচারের সময় অবৈধ তেল জব্দ

27

॥ বাঘাইছড়ি প্রতিনিধি ॥
রাঙ্গামাটির বাঘাইছড়িতে ২৭ বিজিবি মারিশ্যা জোনের অভিযানে অবৈধ ভাবে জ্বালানি তেল পাচারের সময় ২০০ লিটার পেট্রোল জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মারিশ্যা জোন ২৭ বিজিবির পক্ষ থেকে এ প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কতিপয় অসাধু ব্যবসায়ী অধিক লাভের উদ্দেশ্যে অবৈধভাবে মাঝিপাড়া সীমান্ত সড়ক ব্যবহার করে বাংলাদেশ হতে ভারতে পেট্রোল পাচার করছে।
উক্ত তথ্যের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর অধিনায়কের নির্দেশক্রমে সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বিজিবিএমএস এর নেতৃত্বে একটি টহল দল মাঝিপাড়া সীমান্ত সড়ক এলাকায় অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযান পরিচালনাকালীন সময় উগলছড়ি এলাকার রাস্তার উপর অজ্ঞাত অসাধু ব্যবসায়ী বিজিবি’র টহল দলের উপস্থিতি টের পেয়ে ২০০ লিটারের ১টি জ্বালানী পেট্রোলের ব্যারেল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহল দল ২০০ লিটার জ্বালানী পেট্রোল উদ্ধার করতে সক্ষম হয়। জব্দকৃত পেট্রোলের সিজার মূল্য ২৮ হাজার টাকা।
মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন মারিশ্যা জোন এর দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে।
এছাড়াও মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় চোরাকারবারী কর্তৃক বিভিন্ন অভিনব পদ্ধতিতে চোরাচালানী তৎপরতা বৃদ্ধি পেয়েছে বিধায় মারিশ্যা জোন কর্তৃক উক্ত চোরাচালান প্রতিরোধকল্পে সর্বদা গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি আভিযানিক টহল কার্যক্রমের মাধ্যমে চোরাচালান দমন কার্যক্রম অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।