কাপ্তাইয়ের দুর্গম চাকুয়ায় ব্রি ধান ১০২ জাত চাষে সফলতা

208

॥ ঝুলন দত্ত, কাপ্তাই ॥
রবি ২০২৫-২০২৬ মৌসুমে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ৩নং চিৎমরম ইউনিয়ন ৭নং ওয়ার্ডের দূর্গম চাকুয়া বড় পাড়ায় ২ একর কৃষি জমিতে ব্রি ধান ১০২ জাতের বোরো ধানের চাষ করে সফল হয়েছেন ঐ এলাকার কৃষক সাথোয়াইঅং মার্মা, ওয়াচিং মার্মা এবং হ্লাসাউ মারমা।
সোমবার (২০ এপ্রিল) চাকুয়া বড় পাড়ায় গিয়ে দেখা যায়, দিগন্ত বিস্তৃত সবুজ ক্ষেতে শুধু ধান আর ধান। কৃষকের সোনালী হাসির সাথে সবুজ ক্ষেতে সোনালী ধানের হাসি একাকার হয় গেছে। সবুজ ধানক্ষেতের মাঝে সোনালী ধানের শীষ বাতাসে দুলছে, যা অপূর্ব প্রাকৃতিক দৃশ্য তৈরি করেছে।
এসময় কথা হয় কৃষক হ্লাসাউ মারমা, সাথোয়াইঅং মার্মা এবং ওয়াচিং মার্মার সাথে। তাঁরা বলেন, আমরা কাপ্তাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হতে এই প্রর্দশনী পেয়েছি। এখানে সর্বমোট ২ একর কৃষি জমিতে ব্রি ধান-১০২ জাতের চাষ করেছি। এই বছর ভালো ফলন হয়েছে, যখন ধান কাটবো আশা করছি বিগত বছরের চেয়ে এই বছর ভালো ফলন হবে। এসময় কৃষক হ্লাসাউ মারমা আরোও জানান, এ ডব্লিউ ডি পদ্ধতি ব্যবহার করায় প্রচলিত সেচ পদ্ধতির তুলনায় সেচ কম দিতে হয়েছে বলে উৎপাদন খরচ অপেক্ষাকৃত কম হয়েছে।
কথা হয় ঐ এলাকার দায়িত্বরত কাপ্তাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মাসুদ এর সাথে। তিনি বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এ ডব্লিউ ডি প্রযুক্তির মাধ্যমে এই কৃষি ব্লকে তিন জন কৃষক ২ একর কৃষি জমিতে ব্রি ধান ১০২ জাতের ধানের চাষ করেছে। বেশ ভালো ফলন হয়েছে। আগামী মে মাসে ধান কাটা হবে।