বিজিবি টহলদল কর্তৃক পানছড়ি সীমান্ত হতে বিপুল পরিমান গোলাবারুদ উদ্ধার

38

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে সন্ত্রাসী গ্রুপের সদস্যরা বিপুল পরিমান গোলাবারুদ পরিবহনের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অধীনস্থ বৌদ্ধ মনিপাড়া বিওপির নায়েব সুবেদার মোঃ শাহআলম এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল বৌদ্ধ মনিপাড়া এলাকার কাঠালতলী যাত্রী ছাউনি নামক স্থানে ফাঁদ পেতে বসে থাকে।
শুক্রবার (১০ এপ্রিল) আনুমানিক ২টার সময় সীমান্ত সড়ক দিয়ে ২টি মোটরসাইকেল যোগে সন্দেহভাজন ৪ জন মোটরসাইকেল আরোহী যাওয়ার সময় টহল কমান্ডারের নির্দেশে টহলদল দ্রুত সীমান্ত সড়কে উপনীত হয় এবং টহল কমান্ডার তাদেরকে চ্যালেঞ্জ করলে তারা দ্রুত মোটরসাইকেল রেখে ঘটনাস্থল থেকে বিচ্ছিন্নভাবে পাহাড়ের বিভিন্ন দিকে পালিয়ে যায়।
পরবর্তীতে বিজিবি টহল দল এলাকা তল্লাশী করে পরিত্যক্ত অবস্থায় ২টি মোটরসাইকেল ও ৭.৬২ মিঃ মিঃ এসএমজি’র ১৪০০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করতে সক্ষম হয়। টহল দল উদ্ধারকৃত মোটরসাইকেল ও গোলাবারুদ বিওপিতে নিয়ে আসার সময় পথিমধ্যে সন্ত্রাসী গ্রুপের আনুমানিক ১০০-১১০ জন সদস্য টহল দলকে ঘেরাও করে।
উক্ত সময় বিজিবি’র টহলদল তাৎক্ষণিক বুদ্ধিমত্তা ও সাহসিকতার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হয়। ঘটনা প্রেক্ষাপটে পানছড়ি ব্যাটালিয়ন সদর হতে ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এস. এম. ইমরুল কায়েস এর নেতৃত্বে আরো ২টি বিশেষ টহল দল দ্রুততম সময়ের মধ্যে ঘটনাস্থলে যাওয়ার সংবাদ পেয়ে সন্ত্রাসী গ্রুপের সদস্যরা তাদের অবস্থান থেকে ধীরে ধীরে পিছু হটে।
পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর অধিনায়ক বলেন, পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র-গোলাবারুদ ও অন্যান্য চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় সন্ত্রাসী ও চোরাকারবারী কর্তৃক বিভিন্ন অভিনব পদ্ধতিতে চোরাচালানী তৎপরতা বৃদ্ধি পেয়েছে বিধায় পানছড়ি ব্যাটালিয়ন কর্তৃক উক্ত চোরাচালান প্রতিরোধকল্পে সর্বদা গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি আভিযানিক টহল কার্যক্রমের মাধ্যমে চোরাচালান দমন কার্যক্রম অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।