রাজস্থলীতে জ্বালানি তেলের সংকট ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখতে মতবিনিময় সভা

26

॥ মোঃ আজগর আলী খান, রাজস্থলী ॥
জ্বালানি তেলের বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে রাজস্থলীতে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখতে মতবিনিময় ও মাসিক আইন শৃঙ্খলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১১টায় রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার সেলিনা আক্তারের সভাপতিত্বে ইউএনও এর দপ্তরের সভাকক্ষে উপজেলার মাসিক আইন শৃঙ্খলা কমিটি ও জ্বালানি তেলের বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলা এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে এক মতবিনিময় সভা উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত সভায় উপস্থিত সকলেই রাজস্থলী, বাঙ্গালহালিয়া এলাকায় জ্বালানি তেলের সরবরাহ সঠিক রাখাসহ এ সংক্রান্ত আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন।
এ সময় পুলিশ রাজস্থলী থানার উপ-পরিদর্শক নুরজামান বলেন, রাজস্থলীর সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় রাজস্থলী থানার পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে। জ্বালানি তেলের চাহিদা অনুযায়ী সরবরাহ স্বাভাবিক রাখা ও তদসংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পুলিশ অগ্রণী ভূমিকা পালন করবে। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত সকলকে এ বিষয়ে আশ্বস্ত করার পাশাপাশি জ্বালানি তেলের বৈশ্বিক অবস্থার সুযোগ নিয়ে কোন অসাধু ব্যবসায়ী, মজুদদার কিংবা চোরাচালানকারীরা যাতে কোন অবৈধ সুযোগ নিতে না পারে সে ব্যাপারে সকলকে সচেতন থাকার আহ্বান জানান এবং উক্ত সংক্রান্তে পুলিশ ও সেনাবাহিনীর সর্বোচ্চ নজরদারী অব্যাহত রয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, জামাত ইসলামের সভাপতি মৌলনা ফরিদ আহম্মদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম, রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান সহ আইন-শৃঙ্খলা বাহিনী, ফাযার সার্ভিস, শিক্ষক ও অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।